শেখ রাসেলকে হারালো মুক্তিযোদ্ধা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবার হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বর্তমান চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
গত মৌসুমে লিগসহ তিনটি শিরোপাজয়ী শেখ রাসেলের এটা দ্বিতীয় হার। এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছিল তারা।
হেরে গেলেও পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে শেখ রাসেল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা তূলনামূলক ভালো খেলেই জিতেছে।
২২ মিনিটের সময় বক্সের ঠিক বাইরে থেকে নেয়া ফরোয়ার্ড এনামুল হোসেনের কোনাকুনি শট এগিয়ে দেয় বিজয়ী দলকে (১-০)। শেখ রাসেলের গোলরক্ষক ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্যর হাত ফসকে বল জালে জড়িয়ে যায়।
৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরীয় স্ট্রাইকার এনকোচা কিংসলে। ডিফেন্ডার ইবনুল সিরাজীর পাস থেকে বল পাওয়া এনকোচার শট আবারো বিপ্লবের হাতে লেগে জালে চলে যায় (২-০)।
৭৩ মিনিটে ফরোয়ার্ড মিঠুন চৌধুরীর ক্রস থেকে আড়াআড়ি শটে গোল করে ব্যবধান কমান শেখ রাসেলের মরক্কান স্ট্রাইকার ইউনেস রক্স (২-১)।
৮৪ মিনিটে সমতাও ফেরাতে পারতো শেখ রাসেল। জ্যামাইকান মিডফিল্ডার রিকার্ডো কাজিন্সের চমৎকার ফ্রি-কিক পোস্টে যাওয়ার ঠিক আগে কর্নারের বিনিময়ে মুক্তিযোদ্ধাকে রক্ষা করেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।
শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন এলিটা কিংসলে। বক্সে ঢুকে নেয়া এলিটার শট বিপ্লব কর্নার করে দিলে ২-১ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মুক্তিযোদ্ধাকে।
