২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারার জালে বিজেএমসির গোল উৎসব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে টিম বিজেএমসি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৭-০ গোলে বিধ্বস্ত করেছে দশজনের দলে পরিণত হওয়া উত্তর বারিধারাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 09:53 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

এই লিগের এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে লিগের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র এই বারিধারাকেই ৪-০ গোলে হারিয়েছিল।

এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে গেলো বিজেএমসি। সমান ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে বারিধারা আছে অষ্টম স্থানে।

ম্যাচের ১৮ মিনিটে ডিফেন্ডার সাইদুর রহমান দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বারিধারা। এর দশ মিনিট পর বিজেএমসি এগিয়ে যায় নাইজেরিয়ার মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর গোলে।

ম্যাচের ৩৪ মিনিটে পারভেজের পাস থেকে বিজেএমসির দ্বিতীয় গোলটি করেন গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা।

৩৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে পারভেজ বক্সের প্রায় ৫ গজ বাইরে থেকে আসাধারণ শটে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধে আরও একটি গোলের দেখা পায় প্রিমিয়ার লিগের এক সময়ের (১৯৭৯ সাল) চ্যাম্পিয়ন দলটি। ৪০ মিনিটে পারভেজের ক্রসে স্ট্রাইকার আমিনুর রহমান সজীবের হেড খুঁজে পায় বারিধারার জাল।

বিরতির পর ৫৭ মিনিটে ডিফেন্ডার শাহনুর রহমান রনির পাসে বানগুরা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন।

এরপর বারিধারা কোচ গোলরক্ষক ওসমান গনিকে তুলে নিয়ে সনি দত্তকে মাঠে নামালেও খুব একটা লাভ হয়নি। ইনজুরি সময়ে বারিধারা আরও দু'টি গোল হজম করে।

ইনজুরি সময়ের প্রথম মিনিটে বিজেএমসির পক্ষে ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইলিয়াসু।

এর দুই মিনিট পর বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সজীব। সজীবের ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি হয় ফেলিক্সের ক্রস থেকে পাওয়া বলে আলতো টোকায়।

২০০৭ সালে পেশাদার ফুটবল লিগ শুরুর পর এ নিয়ে ছয়বার ৭-০ গোলে জয়ের দেখা মিললো। গত ছয়টি আসরে এর চেয়ে বড় ব্যবধানে আর জয় আসেনি।