ইব্রার জোড়া গোলে পিএসজির বড় জয়
ফরাসি লিগে জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে নান্তেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। রোববার জিতেছে বড় বাজেটের দল মোনাকোও।
ঘরের মাঠে ৩৬ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ১৭ গোল নিয়ে তিনিই এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা।
পিএসজির অপর তিনটি গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার চিয়াগো সিলভা, মিডফিল্ডার চিয়াগো মোত্তা ও উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি।
তুলুজের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরে মোনাকো।
২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন পিএসজি। আর পাঁচ পয়েন্ট কম পাওয়া মোনাকোর অবস্থান দ্বিতীয়।
