সিডর্ফের অধীনে মিলানের প্রথম জয়
কোচ হিসেবে দায়িত্ব নিয়েই সেরি আতে ধুকতে থাকা এসি মিলানকে জয়ের মুখ দেখালেন ক্লেরেন্স সিডর্ফ। রোববার ইতালির লিগে হেল্লাস ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে মিলান।
ঘরের মাঠ সান সিরোয় মিলানের একমাত্র গোলটি করেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি।
গত সপ্তাহে সিডর্ফের উপস্থিতিতে আরেকটি জয় পেয়েছিল ইতালির অন্যতম সফল দল মিলান, ইতালিয়ান কাপে স্পেতসিয়াকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা। তবে ঐ ম্যাচে আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্বে ছিলেন না নেদারল্যান্ডসের সাবেক এই মিডফিল্ডার।
তাছাড়া চলতি মৌসুমে লিগের শুরু থেকে ধুকতে থাকা মিলানের জন্য রোববারের জয়টা বড় স্বস্তির। ২০ ম্যাচ শেষে লিগে এটা তাদের মাত্র ষষ্ঠ জয়। সাতটি করে ম্যাচ তারা হেরেছে ও ড্র করেছে। এই জয়ের ফলে ২৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থান ধরে রেখেছে তারা।
সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দু’বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৪৭।
খেলোয়াড় হিসেবে অবসর নিয়ে এসি মিলানের কোচের দায়িত্ব নেন নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার ক্লেরেন্স সিডর্ফ।
এসি মিলানের ধারাবাহিক ব্যর্থতার কারণে কর্তৃপক্ষ কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে বরখাস্ত করে। মৌসুম শেষে এমনিতেই সরে যাওয়ার কথা বলেছিলেন, তবে সেরি আর আগের ম্যাচে সাস্সুয়োলোর কাছে হেরে যাওয়ার পরদিনই তাকে অব্যহতি দেয়া হয়।
৩৭ বছর বয়সী সিডর্ফ ২০১২ সালে মিলান ছেড়ে ব্রাজিলের বোটাফোগোতে যোগ দিয়েছিলেন। কোচ হিসেবে অবশ্য তার কোনো অভিজ্ঞতাই নেই। এসি মিলানের কোচ হিসেবে মনোনীত হওয়ার পর মঙ্গলবার ফুটবল থেকে অবসর নেয়ার কথা জানান এসি মিলানের এই সাবেক তারকা।
