২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের টানা চতুর্থ জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চতুর্থ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 08:15 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

চার ম্যাচ থেকে শেখ জামালের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার ৪ পয়েন্ট।হেরে গেলেও শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ মিনিটের সময় এগিয়ে যেতে পারতো মুক্তিযোদ্ধা। বক্সের মধ্যে নাইজেরীয় স্ট্রাইকার এনকোচা কিংসলেকে শেখ জামালের গোলরক্ষক জিয়াউর রহমান ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু আরেক নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলের শট ক্রস বারে লেগে ফিরে আসে।চার মিনিট পর শেখ জামালও পেনাল্টি পায়। মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন প্রতিপক্ষের নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডালিংটনকে ফাউল করলে ম্যাচে দ্বিতীয় বারের মতো পেনাল্টির বাঁশি বেজে ওঠে। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি হাইতির স্ট্রাইকার ওয়েডসন অ্যানসেলমে (১-০)।তবে ৫২ মিনিটে শেখ জামালের ফরোয়ার্ড মোবারক হোসেনের পাস ফাঁকায় পেয়ে গেলেও ব্যবধান বাড়াতে পারেননি ওয়েডসন। এগিয়ে এসে মুক্তিযোদ্ধাকে বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক লিটন।৫৮ মিনিটে ডালিংটনের শট লিটন ঠেকানোর পর ওয়েডসনের ফিরতি শট মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারের গায়ে লাগে ফিরে এসে আবার হতাশ করে শেখ জামালকে।এর তিন মিনিট পর মুক্তিযোদ্ধা সমতা ফেরাতে পারতো। কিন্তু এনকোচা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠাতে পারেননি। তার শট চলে যায় বাইরে।