শেখ রাসেলে হাইতির ফুটবলার
হাইতি জাতীয় দলের মিডফিল্ডার প্যাসকাল মিলিয়েনকে নিয়ে এসেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।গত মৌসুমে তিনটি শিরোপা জয়ী শেখ রাসেলের কর্মকর্তাদের দাবি, ঢাকার ফুটবলে আলোড়ন তোলা হাইতির ফরোয়ার্ড সনি নর্দের চেয়েও মিলিয়েন ভালো ফুটবলার।হাইতি জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচ খেলে চার গোল করা এই অ্যাটাকিং মিডফিল্ডার চার মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শেখ রাসেলের সঙ্গে।বেতনের অঙ্ক অবশ্য জানাতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ। শেখ রাসেলের সভাপতি নরুল আলম চৌধুরী জানান, “গত মৌসুমে আমাদের দলে খেলা সনি নর্দের চেয়েও ভালো ফুটবলার মিলিয়েন। গতবার সনি যা পেতেন তাকে তার চেয়েও বেশি বেতন দেয়া হবে। তবে টাকার অঙ্কটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না।”
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেখ রাসেল ও ফেনী সকার ক্লাবের ম্যাচটি দেখেন মিলিয়েন। তিনি বলেন, “সনি নর্দের কাছে শুনেছি ঢাকার ফুটবল মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। আমার চেষ্টা থাকবে শেখ রাসেলের হয়ে ভালো খেলা উপহার দেয়া। যাতে দলটি উপকৃত হয়।”“তবে আজ খেলা দেখে মনে হলো ঢাকার ফুটবল বেশ ধীরগতির। আমি অবশ্য আমার স্বাভাবিক খেলাই খেলবো।”মিলিয়েন গত মৌসুমে আয়ারল্যান্ডের প্রথম বিভাগ লিগে খেলেছেন। এছাড়া রাশিয়াতেও খেলার অভিজ্ঞতা আছে তার।গত মৌসুমে শেখ রাসেলের ‘ট্রেবল’ জয়ের অন্যতম নায়ক নর্দের সঙ্গে জাতীয় দলে খেলেছেন মিলিয়েন। এবার নর্দে রেকর্ড ৭৩ হাজার ডলার পারিশ্রমিকে (এক মৌসুমে) শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন।শেখ রাসেলের অন্যান্য বিদেশি ফুটবলাররা হলেন ফ্রান্সের ম্যাক্সিম এরিক রজার, উরুগুয়ের আন্দ্রেস ফ্রান্সিসকো, মরক্কোর ইউনেস রক্স ও মোহাম্মদ আমিনি এবং জ্যামাইকার রিকার্ডো কাজিন্স।
