শেখ জামালের টানা তৃতীয় জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-২ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
এই জয়ে তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। আগের দুই ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে এবং ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছিল শেখ জামাল।
আগের ম্যাচে ঢাকা আবাহনী লিমিডেকে রুখে দেয়া ফেনী সকার লিগের সবচেয়ে শক্তিশালী দলের সামনে প্রতিরোধ গড়তে পারেনি।
২৭ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। হাইতির স্ট্রাইকার ওয়েটসন অ্যানসেলমের কর্নারে ফরোয়ার্ড মোবারক হোসেন নিচু হেড করে বল জালে জড়ান।
প্রথমার্ধের শেষ মিনিটে ওয়েডসনের পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ হয় শেখ জামালের। ফেনীর ডিফেন্ডার আকরামুজ্জান লিটন বক্সের ভিতরে ওয়েডসনকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন।
ম্যাচের ৬২ মিনিটে শেখ জামালের তৃতীয় গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডালিংটন। স্বদেশী মিডফিল্ডার ইকেচুকু ওকেমেরির পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে কাটিয়ে জালে জড়াতে একটুও ভুল করনেনি এমেকা।
মোট ছয়টি গোল নিয়ে গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন এমেকা। প্রথম ম্যাচে দু'টি এবং দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন এই নাইজেরীয়।
আট মিনিটের ব্যবধানে আরেকটি গোল আদায় করে নেয় শেখ জামাল। নাইজেরীয় মিডফিল্ডার ওকেমেরির বক্সের বাইরে থেকে নেয়া শট গোলরক্ষকের হাতের নিচ দিয়ে জালে জড়িয়ে যায়।
ম্যাচ শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে ফেনী একটি গোল শোধ করে। ডিফেন্ডার আলাউদ্দিনের কর্নারে মিডফিল্ডার মতিউর রহমান ব্যাক হেডে গোল করেন।
শেষ মিনিটে পেনাল্টি থেকে মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুৎ ফেনী সকার ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন। শেখ জামাল ডিফেন্ডার কেষ্ট কুমার ফেনীর স্ট্রাইকার সৈয়দ রশিদ তুর্যকে ফেলে দিলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।
তিন ম্যাচ থেকে সংগ্রহ মাত্র এক পয়েন্ট।
