গ্রুপ-সেরা হয়ে শেষ চারে ঊষা
ক্লাব কাপ হকির সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত হয়েছে ঊষা ক্রীড়া চক্র ও অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের।
শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অ্যাজাক্সকে ১০-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ঊষা। হেরে গেলেও আজাদ স্পোর্টিং ক্লাবের চেয়ে শ্রেয়তর গোল গড় গ্রুপের দ্বিতীয় স্থান এনে দিয়েছে অ্যাজাক্সকে।এই গ্রুপের আগের দুই ম্যাচে ঊষা ১৩-১ গোলে আজাদকে হারিয়েছে এবং অ্যাজাক্স ও আজাদ ১-১ গোলে ড্র করেছে।
অ্যাজাক্সের বিপক্ষে ঊষার বিশাল জয়ে হ্যাটট্রিকসহ চার গোল করা মইনুল ইসলাম কৌশিকের সবচেয়ে বড় অবদান। একটি করে গোল করেন মামুনুর রহমান চয়ন, কৃষ্ণ কুমার, মাকসুদ আলম হাবুল, আরশাদ হোসেন, জাহিদ বিন তালিব ও রিমন কুমার ঘোষ। অ্যাজাক্সের সান্ত্বনাসূচক গোলদাতা নুরুন্নবী রুপম।অন্য ম্যাচে সোনালী ব্যাংককে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। বিজয়ী দলের দুই গোলদাতা খোরশেদুর রহমান ও হাসান যুবায়ের নিলয়।সোমবার সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ অ্যাজাক্স। আর ঊষা খেলবে সোনালী ব্যাংকের বিপক্ষে।
