শেষ চারে আবাহনী ও সোনালী ব্যাংক
ক্লাব কাপ হকি টুর্নামেন্টের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড ও সোনালী ব্যাংক।
গ্রুপের অন্য দল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় এই দুই দলের শেষ চারে উত্তরণ নিশ্চিত হয়ে গেছে।বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংক ৪-১ গোলে ওয়ান্ডারার্সকে হারিয়েছে।বিজয়ী দলের পক্ষে এনামুল কবীর তূর্য দুটি এবং মাসুম ও মানিক একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের একমাত্র গোলদাতা তাহের আলী।‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্স ৮-০ গোলে আবাহনীর কাছে হেরেছিল।
বৃহস্পতিবারের অন্য ম্যাচে অ্যাজাক্স ক্লাব ১-১ গোলে আজাদ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করেছে। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে নুরুন্নবী রুপম অ্যাজাক্স এবং রাজীব দাস আজাদের গোলদাতা।বুধবার এই গ্রুপের প্রথম ম্যাচে ঊষা ক্রীড়া চক্র ১৩-১ গোলে আজাদকে বিধ্বস্ত করেছিল।শনিবার ঊষা ও অ্যাজাক্স এবং আবাহনী ও সোনালী ব্যাংক মুখোমুখি হবে।
