২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি মারিয়ার 'অঙ্গভঙ্গি' নিয়ে তদন্ত

স্পেনের লা লিগার ম্যাচে মাঠ থেকে বের হবার সময় উইঙ্গার আনহেল ডি মারিয়ার ‘আপত্তিকর’ অঙ্গভঙ্গি তদন্ত করবে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 02:12 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার রাতে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে মারিয়াকে উঠিয়ে বদলি হিসেবে গ্যারেথ বেলকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। মাঠ থেকে দৌড়ে বের হবার সময় মারিয়া দু’পায়ের সংযোগস্থলে হাত রাখায় সমালোচনার মুখে পড়েন আর্জেন্টিনার এই তারকা। অনেকেই এটাকে আপত্তিকর বা অসৌজন্যমূলক মনে করলেও মারিয়া বলছেন এটা স্বাভাবিক।

ক্লাবের ওয়েবসাইটে ২৫ বছর বয়স্ক মারিয়া বলেন, “মাঠ থেকে বের হবার সময় ওটা আমার স্বাভাবিক একটা অঙ্গভঙ্গি ছিল। অনেকের ধারণা সমর্থক বা কোচের উদ্দেশ্যে নাকি অমনটা করেছি আমি। আসলে ব্যাপারটা তা নয়। এটা স্বাভাবিক একটা ভঙ্গি ছিল, বিশেষ করে দৌড়ানোর সময় যে কেউ অমনটা করতে পারে।”

ঘটনার সত্যতা যাচাইয়ে রিয়ালের তদন্ত করার বিষয়টা সঠিকই মনে হচ্ছে ২৫ বছর বয়সী ডি মারিয়ার।

“এতে তখনকার অবস্থা এবং আসলে কি হয়েছিল তা আমি ব্যাখ্যা করার সুযোগ পাচ্ছি।"

“অনেকটা সময় ধরে কিন্তু আমি অমন করিনি। ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল”, যোগ করেন তিনি।