ক্লাব কাপ হকিতে আবাহনীর দাপুটে জয়
ক্লাব কাপ হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৮-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে।
খোরশেদুর রহমান ও হাসান জোবায়ের নিলয় করেন জোড়া গোল।
ম্যাচের ১৩ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোলে এগিয়ে দেন আবাহনী। ৬ মিনিট পর খোরশেদুর পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে আবাহনী আরও দুটি গোলের দেখা পায়। ফিল্ড অ্যাটাক থেকে ২৪তম মিনিটে নাইম উদ্দিন ও ২৮তম মিনিটে জোবায়ের এই দুটি গোল করেন।
ম্যাচের ৩৮ মিনিটে খোরশেদুর রহমান দলের হয়ে পঞ্চম এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। এটিও তিনি পেনাল্টি কর্নার থেকেই করেন। ৪৬তম মিনিটে আত্মঘাতি থেকে আবাহনী ষষ্ঠ গোলের দেখা পায়।
দুই মিনিট পর জোবায়ের সপ্তম এবং ৫৫তম মিনিটে আশরাফুল আবাহনীর পক্ষে অষ্টম গোল করে বড় জয় নিশ্চিত করেন।
