বিশ্বকাপে এবারও খেলা হচ্ছে না ওয়ালকটের
বিশ্বকাপে খেলার স্বপ্ন এবারো পূরণ হলো না ইংল্যাডের ফরোয়ার্ড থিও ওয়ালকটের। হাটুতে চোট পেয়ে কমপক্ষে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি।
শনিবার এফএ কাপে টটেনহ্যামের বিপক্ষে তার দল আর্সেনাল ২-০ গোলে জিতলেও ম্যাচের ৮২ মিনিটে আঘাত পান তিনি। ঐ ম্যাচে জিতে প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে ওঠে আর্সেনাল।
তাৎক্ষণিকভাবে ওয়ালকটের চোট খুব একটা গুরুতর মনে না হলেও সোমবার এক বিবৃতিতে আর্সেনাল জানায়, ওয়ালকটের হাটুর লিগামেন্ট ছিড়ে গেছে। সুস্থ হয়ে উঠতে তাকে অস্ত্রোপচার করাতে হবে। তাই অন্তত ছয় মাসের জন্য খেলতে পারবেন না তিনি।
ফলে ক্লাবের হয়ে চলতি মৌসুমের বাকি ম্যাচ এবং আগামী ১২ জুন শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলেও তার খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল।
২০০৬ সালের জার্মান বিশ্বকাপের দলে থাকলেও কোনো ম্যাচেই মাঠে নামা হয়নি তার। আর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তো দলেই সুযোগ পাননি।
২০০৬ সালের মে মাসে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক হওয়া ওয়ালকট এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৩৬ ম্যাচ খেলে গোল করেছের পাঁচটি।
