২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে হেরে গেলেন ফেদেরার

গেল বছরের ব্যর্থতা নতুন বছরেও পিছু ছাড়েনি রজার ফেদেরারের। ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের ফাইনালে তিনি হেরে গেছেন লেটন হিউইটের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 05:04 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

তিন সেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার হিউইট জিতেছেন ৬-১, ৪-৬, ৬-৩ গেমে।

২০১৩ সালে মাত্র একটি শিরোপা জিতেছিলেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার।

সাবেক এক নম্বর তারকা হিউইটের বিপক্ষে আগের ২৬ বারের লড়াইয়ে ১৮ জয়ের আত্মবিশ্বাস নিয়েই রোববার খেলতে নামেন সুইস তারকা ফেদেরার। কিন্তু দুই ঘণ্টা আট মিনিটের লড়াইয়ে ভক্তদের বারবার হতাশ করেন তিনি।

একের পর এক ‘আনফোর্সড এরর’ করা ফেদেরারের সার্ভিস প্রথম সেটেই তিনবার ‘ব্রেক’ করেন হিউইট। অথচ ফাইনালে ওঠার আগ পর্যন্ত একবারও সার্ভিসে পয়েন্ট হারাননি ফেদেরার।

দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ালেও শেষটা ভালো করতে পারেননি ৩২ বছর বয়সী ফেদেরার।

২০১০ সালের পর প্রথম এটিপি শিরোপা জিতলেন দুটি গ্র্যান্ড স্লাম জয়ী হিউইট। তাছাড়া ফেদেরারের বিপক্ষে টানা ১৫ হারের পর জয় পেলেন তিনি।