ব্ল্যাকবার্নের সঙ্গে ম্যান সিটির ড্র
এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রথমে গোল করেও জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। শনিবার ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্রতিযোগিতার ২০১০-১১ মৌসুমের চ্যাম্পিয়নরা।
প্রথম বিভাগের দল ব্ল্যাকবার্নের মাঠে বিরতির ঠিক আগে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বসনিয়ার স্ট্রাইকার এদিন জেকোর ফ্লিক থেকে গোলটি করেন নেগ্রেদো।৫৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ডিফেন্ডার স্কট ড্যান। ফরাসি স্ট্রাইকার রুডি গেস্তেদের হেড ম্যান সিটির গোলরক্ষক ধরতে ব্যর্থ হলে বল পেয়ে যান ড্যান। তা থেকে লক্ষ্যভেদ করেন তিনি।শেষ দিকে বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ম্যান সিটি। উল্টো ৮৫ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার ডেডরিক বোয়াটা জোড়া হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট এফএ কাপের নিয়মানুযায়ী, নক-আউট পর্বের কোনো ম্যাচ ড্র হলে তা আবার হয়। ম্যান সিটি ও ব্ল্যাকবার্নকে তাই চতুর্থ রাউন্ডে ওঠার জন্য ‘রিপ্লে’ ম্যাচে অংশ নিতে হবে।
