২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সায় প্রত্যাবর্তন মেসির

চোট কাটিয়ে সুস্থ হয়ে স্বদেশ আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় ফিরেছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 05:26 PM

নিজস্ব ওয়েবসাইটে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, “আজ (বৃহস্পতিবার) বিকালে বার্সেলোনায় পৌঁছেছেন লিওনেল মেসি। আর এসেই সতীর্থদের সঙ্গে দেখা করতে সিউতাত এসপুর্তিভায় (বার্সেলোনার একটি প্রশিক্ষণ কেন্দ্র) যান তিনি। দলের সঙ্গে দিনের দ্বিতীয় ভাগের অনুশীলনে অংশও নেন।”

চোট থেকে সেরে উঠলেও মেসি এখনো ম্যাচ খেলার মতো ফিট কিনা, তা অবশ্য জানায়নি বার্সা কর্তৃপক্ষ।

একাধিক চোটের কারণে গত বছরের একটা লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে মেসিকে। গত ১০ নভেম্বর স্প্যানিশ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে খেলার সময় উরুতে চোট পান টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এরপর আর মাঠে ফেরা হয়নি এ মৌসুমে ১৬ ম্যাচে ১৪ গোল করা এই তারকা ফরোয়ার্ডের।

বার্সার জন্য আরেকটি সুসংবাদ, ধারণার চেয়ে কম সময়ে সুস্থ হয়ে ওঠা গোলরক্ষক ভিক্তর ভালদেস এখন ম্যাচ খেলার মতো পুরোপুরি সুস্থ।

এক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, “বৃহস্পতিবার বিকেলে অনুশীলন শেষে (ম্যাচ খেলার জন্য) ডাক্তারি ছাড়পত্র পেয়েছেন ভিক্তর ভালদেস।”

তাই প্রায় দেড় মাস পর আগামী রোববার ঘরের মাঠ ক্যাম্প নউ-এ এলচের বিপক্ষে আবার গোলপোস্টের নিচে দাঁড়াতে বাধা রইলো না বার্সার এক নম্বর গোলরক্ষকের।

পুরনো খবর:

বার্সেলোনায় ফিরছেন মেসি