২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিসবেনে সেরেনার মুখোমুখি শারাপোভা

নতুন বছরের শুরুতে মুখোমুখি হচ্ছেন মেয়েদের টেনিসের অন্যতম দুই জনপ্রিয় তারকা সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। শুক্রবার ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের সেমি-ফাইনালে দেখা হচ্ছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 04:39 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে স্লোভাকিয়ার দোমিনিকা সিবুলকোভাকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠেন যুক্তরাষ্ট্রের উইলিয়ামস।

শারাপোভাকে জয় পেতে অবশ্য বেশ লড়তে হয়েছে। এস্তোনিয়ার কাইয়া কানেপ্পির বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষপর্যন্ত ৪-৬, ৬-৩, ৬-২ গেমে জিতে সেমিতে ওঠেন রাশিয়ার এই খেলোয়াড়।

অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে বেলারুশের ভিক্তোরিয়া আজারেঙ্কা ও সার্বিয়ার ইয়ালেনা ইয়ানকোভিচ।

বর্তমানে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হওয়ার আগে নিজের ‘সার্ভ’ নিয়ে সমস্যায় রয়েছেন শারাপোভা। বিশ্বের চার নম্বর খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের প্রথম সেটেই ১৭ বার ‘আনফোর্সড এরর’ করেছেন।

সেরেনা উইলিয়ামসের বিপক্ষে ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে ১৪ বারই হেরেছেন শারাপোভা। শেষ ১৩ ম্যাচে টানা হেরেছেন তিনি। শেষবার জিতেছিলেন সেই ২০০৪ সালে।