দক্ষিণ আমেরিকার সেরা রোনালদিনিয়ো
উরুগুয়ের একটি পত্রিকার জরিপে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রাজিলের রোনালদিনিয়ো। তিনি পেছনে ফেলেছেন স্বদেশী নেইমার ও আর্জেন্টিনার ম্যাক্সি রদ্রিগেসকে।
রোনালদিনিয়ো ব্রাজিলের ক্লাব আতলেতিকো মিনেইরোকে গত জুলাইয়ে প্রথমবারের মতো লিবারতাদোরেস কাপ জিতিয়েছিলেন। তবে ক্লাব বিশ্বকাপে সেমি-ফাইনালে বিদায় নেয় তার দল।
উরুগুয়ের এল পাইস পত্রিকার জরিপে আগের দুই বছর বর্ষসেরা হয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। দ্বিতীয় হওয়া সান্তোসের সাবেক এই ফুটবলার এখন খেলছেন স্পেনের বার্সেলোনায়। তৃতীয় সেরা নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েসের ম্যাক্সি রদ্রিগেস।
ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জেতা রোনালদিনিয়ো অবশ্য নিজের দেশে বিশ্বকাপে খেলার সুযোগ নাও পেতে পারেন। বার্সেলোনার সাবেক এই তারকা ২০০৫ সালে ব্যালন ডি'অর ও ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন।
টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার হোসে প্যাকারম্যান। ১৯৯৮ সালের পর কলম্বিয়াকে আবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান তিনি।
চিলির কোচ ইয়োর্গে সাম্পাওলি দ্বিতীয় ও বার্সেলোনার কোচ জেরার্দো মার্তিনো তৃতীয় সেরা নির্বাচিত হয়েছেন। অবশ্য নিওয়েলসের কোচ হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। গত জুলাইয়ে লা লিগা চ্যাম্পিয়নদের কোচ হিসেবে যোগ দেন মার্তিনো।
