শেখ জামালের শুভসূচনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল সহজ জয় দিয়ে শুরু করেছে মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের দ্বিতীয় ম্যাচে তারা ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।
নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের জোড়া গোলে এই সহজ জয় ঘরে তোলে মৌসুম-সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়া শেখ জামাল।দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় অধিনায়ক ও মিডফিল্ডার মামুনুল ইসলাম এবং হাইতির স্ট্রাইকার সনি নর্দেকে ছাড়াই জয় পায় লিগের গতবারের রানার্স-আপরা। দুজনেই চোটের কারণে মাঠে নামতে পারেননি।ম্যাচের ১৪ মিনিটে শেখ জামাল এগিয়ে যায়। ডিফেন্ডার আশরাফ মাহমুদ লিঙ্কনের ক্রস থেকে হাইতির স্ট্রাইকার ওয়েডসন অ্যানসেলমের হেড গোল লাইন থেকে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক পিয়ারুজ্জামান ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আলতো টোকায় লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার নাসির (১-০)।ব্যবধান দ্বিগুণ করতে বেশ কিছু সময় লাগে শেখ জামালের। ৫০ মিনিটে মিডফিল্ডার সোহেল রানার ক্রস থেকে ডার্লিংটনের পায়ের স্পর্শে বল চট্টগ্রাম আবাহনীর জাল খুঁজে পায় (২-০)।৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ডার্লিংটন। ডিফেন্ডার আলী আব্দুল্লাহির চমৎকার শট ক্রসবারে লেগে ফিরে আসার পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ভলি করে দলের জয় নিশ্চিত করেন তিনি (৩-০)।ম্যাচের বেশিরভাগ সময় শেখ জামাল প্রাধান্য দেখালেও শেষ দিকে এসে চট্টগ্রাম আবাহনী চেপে ধরে তাদের। এর সুফলও পায় চট্টগ্রাম আবাহনী। একটি গোল আদায় করে নেয় এবং একটি সহজ সুযোগ হাতছাড়া করে।৮১ মিনিটে শেখ জামালের ডিফেন্ডার নাসির চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার সোহেল মিয়াকে ফাউল করলে রেফারি জসিমউদ্দিন পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ডিফেন্ডার এহসানুল হক মিলন গোল করেন (৩-১)।ইনজুরি সময়ে ব্যবধান আরো কমানোর সুযোগ পেয়েছিল চট্টগ্রামের দলটি। কিন্তু সোহেলের পাস ধরে বক্সের সামনে থেকে নেয়া মাশুক মিয়ার জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়।
