জয় দিয়ে শুরু করতে চায় শেখ রাসেল
শুক্রবার মাঠে গড়াচ্ছে দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ও নবাগত উত্তর বারিধারা ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল জয় দিয়ে শুরু করতে চায় লিগ। দলের কোচ মারুফুল হক বলেন, “মৌসুম-সূচক টুর্নামেন্টে হয়তো আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। তবে লিগে আর তেমনটি হবে না বলে আমি আশাবাদী। পুরো আসরের প্রতিটি ম্যাচেই আমাদের ভালো করতে হবে। এই জন্য জয় দিয়েই লিগ শুরু করতে চাই আমরা।”
“গতবারের মতো না হলেও এবারো আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। দেশি-বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে দলটি ভালোভাবে গোছাতে পেরেছি। আশা করছি পারফরম্যান্স খারাপ হবে না।”
নবাগত হলেও লিগে ভালো কিছু করতে চায় উত্তর বারিধারা। দলটির কোচ মাহবুব আলী মানিক বলেন, “প্রতিপক্ষ হিসেবে শেখ রাসেল বেশ শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। তবে আমরাও একেবারেই ছেড়ে কথা বলবো না। তরুণ খেলোয়াড়ের সমন্বয়ে গড়া দলটি পুরো আসরেই ভালো করবে বলে আমার বিশ্বাস। প্রথম ম্যাচ থেকেই আমরা তার প্রমাণ রাখতে চাই।”
১০ দলের এবারের লিগটি হবে তিন লেগের। দল কম হওয়ায় লিগের ম্যাচ বাড়াতেই বাফুফের পেশাদার লিগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। গত ছয়টি আসর ছিল দুই লেগের।
আবার দ্রুত লিগ শেষ করারও তাড়না রয়েছে তাদের মধ্যে। তাই প্রথম লেগে একটি দিনও ফাঁকা রাখেনি। ১০ ফেব্রুয়ারি শেষ হতে যাওয়া প্রথম লেগে প্রতিদিনই খেলা থাকছে।
এবারের লিগের বিশেষ দিক হচ্ছে বেশ কয়েকটি দল শক্তিশালী দল গঠন করেছে। তার মধ্যে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব সবচেয়ে ভালো দল গঠন করেছে। এর বাইরে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শিরোপার জন্য লড়াই করার মতো দল গঠন করেছে।
তাই এবারের লিগটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। তাছাড়া বেশ কয়েকজন ভালো মানের বিদেশি খেলোয়াড় আসায় শিরোপা-লড়াই জমজমাট হওয়ার কথা।
