২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের সঙ্গে তুলনায় আপত্তি ইব্রাহিমোভিচের

সুইডেনের ফুটবলে মেয়েদের চেয়ে ছেলেদের বেশি স্বীকৃতি বা সম্মান প্রাপ্য বলে মনে করেন জাতীয় দলের অধিনায়ক জ্লাতান ইব্রাহিমোভিচ। তাই সবাইকে ফুটবলে লিঙ্গভেদ নিয়ে অভিযোগ করা বন্ধ করতে বলেছেন পিএসজির এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 11:08 AM

Updated : 13 Oct 2022, 03:09 PM

মিডফিল্ডার আনদার্স সিভেনসনকে দেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড (১৪৩টি ম্যাচ) ভাঙার জন্য একটি ভলভো গাড়ি উপহার দেয় সুইডেন ফুটবল অ্যাসোসিয়েশন। ১৪৮টি গোল করা সিভেনসন সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন। তবে মেয়েদের ফুটবলে রেকর্ড ১৮৭টি ম্যাচ খেলা মিডফিল্ডার তেরেস সোয়াগ্রানকে এ ধরনের সম্মাননা না দেয়ায় সমালোচনার মুখে পড়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

এ বিতর্ক নিয়ে স্থানীয় একটি সংবাদপত্র সাক্ষাতকারে ইব্রাহিমোভিচ বলেন, "মেয়েরা ফুটবলে খুবই ভালো করেছে। তাদের কৃতিত্বের উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তোমরা ছেলে ও মেয়েদের ফুটবলে তুলনা করতে পার না। হাল ছেড়ে দাও, এটা এমনকি মজা করেও এ তুলনা করা যায় না।"

নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও দিলেন ফরাসি লিগে এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

"আমি যখন ইউরোপে খেলি তারা মেসি ও রোনালদোর সঙ্গে আমাকে তুলনা করে। আর দেশে এলে কিনা আমাকে তুলনা করা হয় নারী ফুটবলারের সঙ্গে। আমি মেয়েদের প্রতি সম্মান জানিয়েই বলছি, তারা যা আনতে পারবে (আর্থিকভাবে), যার বিবেচনাতেই তাদের পুরস্কৃত করা উচিত।"

ছেলে ও মেয়েদের ফুটবলের তুলনা করতে গিয়ে সুইডেনের মিডিয়া কৌতুকই করছে বলে মনে করেন ইব্রাহিমোভিচ।

"গত গ্রীষ্মে আমাকে জিজ্ঞেস করা হলো, কে ভালো খেলোয়াড়, আমি না লত্তা শেলিন (নারী দলের স্ট্রাইকার)। আপনারা আমার সঙ্গে কৌতুক করছেন, ঠিক না? আমি যখন গোলের রেকর্ড ভাঙবো তখন কার সঙ্গে আপনারা আমার তুলনা করবেন? আমাকে কি যার রেকর্ড ভাঙবো তার সঙ্গে তুলনা করা হবে. না মেয়েদের সঙ্গে তুলনা করা হবে?"