২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ জানুয়ারি থেকে ক্লাব কাপ হকি

ক্লাব কাপ হকি টুর্নামেন্ট ৭ জানুয়ারি শুরু হচ্ছে। ৬টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 08:07 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার হকি ফেডারেশনের লিগ কমিটির সম্পাদক কাজী মঈনুজ্জামান পিলা নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, “আমরা আশা করেছিলাম দলবদল করা ৭টি দলই ক্লাব কাপে অংশ নেবে। কিন্তু আজাদ স্পোর্টিং ক্লাব খেলবে না বলে জানিয়েছে।”

“তাই আমরা বাধ্য হচ্ছি ছয়টি দল নিয়ে ক্লাব কাপ আয়োজন করতে। আশা করছি এই ছয়টি দল নিয়েও টুর্নামেন্টটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”

ক্লাব কাপের ৬টি দল হলো আবাহনী লিমিটেড, ঊষা ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, অ্যাজাক্স ক্লাব, সোনালী ব্যাংক ও সাধারণ বীমা।

দিন-তারিখ ঠিক না হলেও ক্লাব কাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রিমিয়ার লিগ শুরু করে দেবে ফেডারেশন। লিগ হবে ৭ দলের। ক্লাব কাপে অংশ না নিলেও আজাদ স্পোর্টিং ক্লাব লিগে অংশ নেয়ার নিশ্চয়তা দিয়েছে।

প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবের মধ্যে চারটি আগেই অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মেরিনার ইয়াংস ক্লাব, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে হকির কোনো কার্যক্রমে অংশ নিতে রাজি নয়।

তাই নিয়ম অনুযায়ী লিগ থেকে তাদের অবনমন হয়ে যাওয়ার কথা। হকি ফেডারেশন অবশ্য এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকির বাছাই পর্বকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়দের রিপোর্টিং ছিল বুধবার। প্রাথমিকভাবে ডাক পাওয়া ৬০ জন খেলোয়াড়ের মধ্যে ৪৫ জন রিপোর্ট করেছেন এদিন। বাকিরা টেলিফোনে রিপোর্ট করেন।

বৃহস্পতিবার শুরু হবে দলের প্রস্তুতি। ক্লাব কাপ শুরু হওয়ার আগ পর‌্যন্ত প্রস্তুতি চলবে।