দুই গেমসের প্রস্তুতি শুরু ১০ জানুয়ারি
গ্লাসগো কমনওয়েলথ গেমস ও ইনচন এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ দলের চারটি ডিসিপ্লিনের প্রস্তুতি শুরু হবে ১০ জানুয়ারি থেকে।
ঢাকা সেনানিবাসে হবে অ্যাথলেটদের প্রশিক্ষণ ক্যাম্প। চারটি ডিসিপ্লিনের ২৬ জন অ্যাথলেটকে ক্যাম্পের জন্য বাছাই করা হয়েছে। ডিসিপ্লিনগুলো হলো- শূটিং, তায়কোয়ান্দো, বক্সিং ও আর্চারি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানিয়েছেন, “১০ মাস এই প্রশিক্ষণ ক্যাম্প চলবে। ক্যাম্পে থাকা খেলোয়াড়দের বেতন-ভাতাও দেয়া হবে। পদক জয়ের লক্ষ্যে আমরা দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছি।”
প্রাথমিকভাবে স্থানীয় কোচদের অধীনে শুরু হবে এই ক্যাম্প। পরবর্তীতে শূটিং, আর্চারি ও তায়কোয়ান্দোর জন্য কোরিয়া এবং বক্সিংয়ের জন্য কাজাখস্তান থেকে কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে বিওএর।
জানুয়ারির শেষ দিকে পাঁচ তীরন্দাজ ও পাঁচ শূটারকে চীনে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠাবে বিওএ।
আগামী বছরের ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে কমনওয়েলথ গেমস। আর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস হবে।
