জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন টিটু
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ সাইফুল বারী টিটুকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভায় সিদ্ধান্তটি নেয়া হয়। টিটুর নিয়োগের বিষয়টি এখন বাফুফের নির্বাহী কমিটিতে পাঠানো হবে। নির্বাহী কমিটি অনুমোদন দিলেই টিটু জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, “আশা করছি টিটু জানুয়ারি থেকে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। মূলত বিদেশি কোচদের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।”
বাফুফে সহকারী কোচ হওয়ার জন্য মোহামেডানের কোচ টিটু ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ মারুফুল হককে প্রস্তাব দিয়েছিল। মারুফ বাফুফের প্রস্তাবে না করে, দিলেও রাজি হয়েছেন টিটু।
এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অর্থায়নে নিয়োগ প্রাপ্ত ১৯ জন কোচের বিষয়ে বাফুফে নতুন করে ভাবছে। এ ব্যাপারে বাদল রায় বলেন, “এই কোচদের নতুন করে পরীক্ষা নেয়া হবে। যারা ভালো করবেন তাদেরকে নতুন করে নিয়োগ দেয়া হবে। আর যাদের পারফরম্যান্স খারাপ হবে তাদেরকে বাদ দেয়া হবে।”
