মৌসুমের প্রথম মিলান ‘ডার্বি’
রোববার ইতালিয়ান সেরি-আর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান ও এসি মিলান। এ মৌসুমে এটাই প্রথম মিলান ‘ডার্বি’।
ইন্টার ও এসি মিলান দুদলেরই ‘হোম ভেন্যু’ সান সিরো। তবে রোববারের ম্যাচটি ইন্টারের ‘হোম’ ম্যাচ।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের ঠিক আগের দিন ইন্টার সমর্থকরা দারুণ একটা সুখবর পেয়েছে।
গত সপ্তাহে নাপোলির মাঠে খেলা চলার সময় স্বাগতিক দলের সমর্থকদের লক্ষ্য করে অপমানজনক স্লোগান দিয়েছিল ইন্টারের সমর্থকরা। তারই শাস্তি হিসেবে সান সিরোতে দুই ম্যাচ সমর্থকদের ছাড়া খেলতে হতো ইন্টারকে। সেরি-আর ঐ ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ইন্টার।
সান সিরোর কুর্ভা নর্দ প্রান্তটি ইন্টার সমর্থকদের জন্য আর কুর্ভা সুদ প্রান্তটি এসি মিলান সমর্থকদের জন্য সংরক্ষিত। শাস্তি হিসেবে ইন্টারকে দুটো ‘হোম’ ম্যাচে কুর্ভা নর্দ প্রান্তটি বন্ধ রাখতে হতো।
তবে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করে জয় পেয়েছে ইন্টার। তাই টিভির পর্দায় নয়, মাঠে বসেই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন ইন্টার সমর্থকরা।
সেরি-আয় সমান ১৮ বার করে চ্যাম্পিয়ন হলেও গত কয়েক মৌসুম ধরে সাফল্য নেই এসি ও ইন্টার মিলানের। এবারের মৌসুমেও দুদলই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
সর্বশেষ পাঁচটি লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইন্টার, ড্র করেছে তিনটি, অন্যটি হেরেছে। অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচে না হারলেও একটি জয়ের বিপরীতে চারটিতেই ড্র করেছে মিলান।
