২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সহ-সভাপতির প্রতি মেসির ক্ষোভ

এমনিতে লিওনেল মেসি শান্ত ধরনের মানুষ। কিন্তু তার বেতন বৃদ্ধি সম্পর্কে বার্সেলোনার সহ-সভাপতি হাভিয়ের ফাউসের করা মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ এই আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বিতর্কের সূত্রপাত গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে। ঐ প্রতিবেদনগুলোতে বলা হয়, মেসি নাকি বার্সেলোনার কাছে তার বেতন বাড়ানোর অনুরোধ করেছিলেন। প্রতিবেদনগুলোতে আরো বলা হয়, যে পরিমাণ বেতনের জন্য আবেদন করেছিলেন মেসি, তাতে লা লিগার সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হতেন তিনি।

এরই প্রেক্ষিতে ফাউস বলেন, মেসির বেতন বৃদ্ধির জন্য নতুনভাবে চুক্তি করার কারণ তিনি দেখছেন না। এবং মেসি বর্তমানের চেয়ে বেশি বেতন পাওয়ার যোগ্যও নন।

গত বছরই তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সা। নতুন চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলবেন টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

এসব নিয়েই ভীষণ ক্ষুব্ধ মেসি। ‘আরএসি ওয়ান’ নামে বার্সেলোনার একটি রেডিওকে তিনি বলেন, “ফাউস এমন এক ব্যক্তি যিনি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না।”

বার্সেলোনায় অর্থসংক্রান্ত বিষয় দেখাশোনা করার দায়িত্ব ফাউসের। সেদিকে ইঙ্গিত করে মেসি বলেন, “তিনি বার্সেলোনাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চালানোর চেষ্টা করছেন। কিন্তু এটা একটা ফুটবল ক্লাব। বার্সেলোনা বিশ্বের সেরা ক্লাব। আর তাই বিশ্বসেরা পরিচালকদেরই এখানে থাকা উচিৎ।”

“নতুন চুক্তির জন্য আমি (বার্সেলোনাকে) কোনো অনুরোধ করিনি। আমার কোনো প্রতিনিধিও করেননি।”

গত ১০ নভেম্বর লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে খেলার সময় উরুর পেশিতে টান পড়ার পর থেকে মাঠের বাইরে থাকতে হচ্ছে মেসিকে। বর্তমানে তিনি স্বদেশ আর্জেন্টিনায় আছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে-ধীরে সেরে উঠছেন তাদের সবচেয়ে বড় তারকা।

আগামী ২ জানুয়ারি মেসির বার্সেলোনায় ফেরার কথা। ১২ জানুয়ারি লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্প্যানিশ চ্যাম্পিয়নরা।