২০১৮ পর্যন্ত বার্সায় ইনিয়েস্তা
বার্সেলোনার সঙ্গে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। নতুন চুক্তি অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত বার্সায় থাকবেন এই প্লেমেকার।
আরো তিন বছর ইনিয়েস্তাকে ধরে রাখতে পেরে উচ্ছ্বসিত বার্সার সভাপতি সান্দ্রো রোসেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা খুবই, খুবই খুশি। বার্সেলোনার সব সমর্থকের জন্য এটা বড়দিনের দারুণ এক উপহার।”
বার্সেলোনা অ্যাকাডেমিতে বেড়ে ওঠা ইনিয়েস্তা ১৯৯৬ সালের সেপ্টেম্বরে মাত্র ১২ বছর বয়সে কাতালান ক্লাবটির যুব দলে যোগ দেন। স্প্যানিশ পরাশক্তিদের মূল দলের হয়ে তার অভিষেক ২০০২ সালের অক্টোবরে, চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে।
বার্সার ২১টি শিরোপা জয়ে বড় অবদান রাখা ইনিয়েস্তা গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়সূচক গোলদাতাও।
