ট্রফিকে ঘিরে আগ্রহীদের ভিড়
ফুটবল বিশ্বকাপের ট্রফি প্রদর্শনের দ্বিতীয় দিনেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার রাজধানীর হোটেল র্যাডিসনে দর্শকদের ভিড় সামলাতে নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে হয়েছে।
স্বচক্ষে বিশ্বকাপের ট্রফি দেখা এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগের জন্য উৎসুক জনতার আগ্রহের কমতি ছিল না। কার্ড না থাকলে হোটেলের ভেতরে ঢোকার অনুমতি নেই। তবু বহু মানুষকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সেজন্য জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দেরও হোটেলে ঢুকতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
জাতীয় দলের সহ-অধিনায়ক ও ডিফেন্ডার নাসির চৌধুরী এবং স্ট্রাইকার তকলিস আহমেদসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে কিছুটা বিড়ম্বনায় পড়লেও শেষ পর্যন্ত স্বপ্নের ট্রফি দেখা এবং সঙ্গে ছবি তুলে তৃপ্তির হাসি হেসেছেন ফুটবলাররা।
জাতীয় দলের তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি বলেন, “বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাওয়া আমাদের কাছে স্বপ্নের মতো। পাশাপাশি ছবি তুলতে পেরে অন্যরকম ভালো লাগার অনুভূতি হচ্ছে। এটা বলে বোঝানো যাবে না। ঢাকায় এই ট্রফি আসায় আমদের ফুটবল নিয়ে উন্মাদনা কিছুটা হলেও বাড়বে।”
অবশ্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনারও জন্ম হয়েছে দ্বিতীয় দিনে। দুজন আত্মীয়কে নিয়ে কার্ড ছাড়াই ঢুকতে চেয়েছিলেন তকলিস আহমেদ। এ নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রথমে বচসা ও পরে হাতাহাতি হয় তার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের হস্তক্ষেপে ঝামেলা মিটে যায়।
ট্রফি দেখে জাতীয় দলের খেলোয়াড়দের মতো সাধারণ মানুষও মুগ্ধ। বিশেষ করে ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সঙ্গে-সঙ্গে তা হাতে পেয়ে যাওয়ায় তারা বিস্মিত।
তবে বেলা ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও আড়াইটায় ট্রফি প্রদর্শন শেষ হয়ে যাওয়ায় অনেকে ক্ষোভে ফেটে পড়েন। কার্ড থাকলেও অনেকে তাই ট্রফি দেখার সুযোগ পাননি।
তারপরও পুরো আয়োজন নিয়ে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, “বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করতে পারলে হয়তো আরো ভালো হতো। তবে এখানকার আয়োজন যে খুব একটা খারাপ হয়েছে তা আমি বলবো না। পুরো আয়োজন নিয়ে আমরা সন্তষ্ট।”
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাডিসনেই ট্রফিটি প্রদর্শন করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বিশ্বকাপ ট্রফি।
মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে কোকাকোলা ও ফিফার একটি চার্টার্ড বিমানে ট্রফিটি ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে তা বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ট্রফিটি তুলে ধরেন।
এরপর বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভন গণভবনে নিয়ে যাওয়া হয় বিশ্বকাপ ট্রফি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
