আজীবন সম্মাননায় ভূষিত কপিল
জীবনে কম পুরস্কার পাননি কপিল দেব। এবার কর্নেল সি কে নাইডু আজীবন সম্মাননা পেয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ কথা জানিয়েছে।
ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সি কে নাইডুর নামে ১৯৯৪ সাল থেকে দেশটির ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হচ্ছে।
এই পুরস্কার পাওয়া ২১তম ক্রিকেটার কপিল। গত বছর পুরস্কারটি পেয়েছিলেন কপিলের সতীর্থ, ভারতের সর্বকালের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান ও ৪০০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করা কপিল পুরস্কার হিসেবে একটি ট্রফি ও ২৫ লাখ ভারতীয় রুপি পাবেন।
১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত কপিল ১৩১ টেস্টে ৪৩৪ উইকেট নেয়ার পাশাপাশি পাঁচ হাজার ২৪৮ রান করেছেন। ২২৫টি ওয়ানডে খেলে তার উইকেট-সংখ্যা ২৫৩, আর রান তিন হাজার ৭৮৩।
