২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে নেয়া হবে না বিশ্বকাপের ট্রফি

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল ট্রফির প্রদর্শন ‘নিরাপত্তাজনিত’ কারণে বাতিল করা হয়েছে। ট্রফিটির ক্ষণস্থায়ী আবাস হোটেল র‌্যাডিসনেই তা প্রদর্শন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 03:20 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

কোকাকোলার বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শামীমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি নিয়ে পূর্ব-নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ট্রফিকে ঘিরে সব আয়োজন হবে হোটেল র‌্যাডিসনে।

ঢাকায় তিন রাত বিমানবন্দর সড়কের এ হোটেলেই রাখা হবে ট্রফিটি। এখানেই তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শামীমা আক্তার।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “লজিস্টিকস সাপোর্টের অভাবের কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

মাঝে কয়েকদিন বিরতির পর নির্দলীয় সরকার ও নির্বাচন স্থগিতের দাবিতে মঙ্গলবার থেকে আবার তিন দিনের অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিশ্বভ্রমণে থাকা বিশ্বকাপ ফুটবলের ট্রফি এরই মধ্যে মঙ্গলবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ‘অফিসিয়াল পার্টনার’ কোকাকোলা ট্রফিটি এনেছে।

বুধ ও বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্রফিটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখার কথা ছিল। এই দুইদিন দর্শকরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বলেও জানিয়েছিলেন আয়োজকরা। এছাড়াও এই দুইদিন স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ারও কথা ছিল।

কিন্তু ট্রফি র‌্যাডিসনে থাকবে বলে প্রদর্শনী ম্যাচ বাতিল করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সংক্ষিপ্ত কলেবরে। ট্রফির সঙ্গে দর্শকদের ছবি তুলতে অবশ্য কোনো বাধা থাকবে না।

কোকাকোলার কর্মকর্তারা জানিয়েছিলেন, ১৫ হাজার দর্শক ট্রফি দেখার সুযোগ পাবেন। এজন্য লটারির মাধ্যমে বিজয়ী ৯ হাজার এবং ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ হাজার জনকে সৌজন্য টিকেট দেবে তারা।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভুটানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বিশ্বকাপ ট্রফি। ২৬৭ দিনে ৮৯টি দেশ পরিভ্রমণ করবে বিশ্বকাপের ট্রফি, যেটির আনুষ্ঠানিক ভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর, ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর থেকে।