চার ম্যাচ পর জিতলো ম্যান ইউ
টানা চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার অ্যাস্টন ভিলার মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই রাউন্ডে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হেরে তীব্র সমালোচনা সইতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েসকে। এভারটন ও নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছিল ম্যান ইউ। এর আগ কার্ডিফ সিটি ও টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।
রোববার অ্যাস্টন ভিলার মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউয়ের শুরুটা হয় দারুণ। তিন মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি। ১৫ ও ১৮ মিনিটে দুটি গোলই করেন ইংল্যান্ডের স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাক।
ইকুয়েডরের ফরোয়ার্ড আন্তোনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে দারুণ এক হেড করেছিলেন আদনান ইয়ানুজাই। বল বারে লেগে ফিরে এসে তা জালে ঢুকিয়ে দেন ওয়েলব্যাক।
পরের গোলটিও হয় ভ্যালেন্সিয়ার দারুণ এক ক্রসে। প্রায় শুয়ে পড়ে পা ছুইয়ে বল জালে ঢোকান দ্রুতগতির ওয়েলব্যাক।
ম্যাচের ৫২ মিনিটে স্ট্রাইকার ওয়েইন রুনির পাস থেকে মিডফিল্ডার টম ক্লেভারলির গোলে জয়টাও নিশ্চিত হয়ে যায় অতিথিদের। হাসি ফোটে কোচ ময়েসের মুখে।
লিগে ম্যান ইউয়ের এটা সপ্তম জয়। ১৬ ম্যাচে পাঁচ হার এবং চারটিতে ড্র করা ম্যান ইউয়ের পয়েন্ট ২৫। ৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্সেনাল।
