ব্রাজিলে নিজেদের কেন্দ্রে থাকবে জার্মানি
ব্রাজিলে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলে খেলতে যাওয়া দেশগুলো ঘাঁটি বানাবে তাদের সুবিধাজনক স্থানে। এক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে জার্মানি। নিজেদের বানানো কেন্দ্রেই অস্থায়ী আবাস গড়বে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দেশটির ফুটবল সংস্থা শুক্রবার জানায়, রিও ডি জেনেইরোর উত্তরে পোর্তো সেগুরোতে জার্মানির তৈরি একটি কেন্দ্রে বিশ্বকাপের ঘাঁটি করবে তারা।
জুনে মাসব্যাপী টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নিজেদের মতো করে প্রশিক্ষণ নিতে চায় দেশটি।
দলের ম্যানেজার অলিভার বিয়ারহফ জানান, কাম্পো বাহিয়া কেন্দ্রের কাজ এখনও চলছে, যা আগামী মার্চের মধ্যে শেষ হবে। সাও পাওলো বা রিওর মতো মহানগরের হট্টগোল থেকে অনেক দূরে এখানে গ্রামীণ পরিবেশে প্রস্তুতি নেয়া যাবে।
এখান থেকে খেলতে বিভিন্ন ভেন্যুতে যেতে ৪৫ মিনিটের দূরত্বে থাকা পোর্তো সেগুরো বিমানবন্দর ব্যবহার করবে জার্মানি।
'জি' গ্রুপে ঘানা, যুক্তরাষ্ট্র ও পর্তুগালের সঙ্গে খেলবে জার্মানি।
আগামী ১ জুন ও ৬ জুন দুটো প্রীতি ম্যাচ খেলে ৭ জুন ব্রাজিলের উদ্দেশে যাত্রা করবে জার্মানি। এর আগে আগামী ৫ মার্চ চিলি ও ১৩ মে পোল্যান্ডের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে তারা।
