পিজিটিআই গলফে তৃতীয় জামাল
ভারতে পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের জামাল হোসেন মোল্লা।
নয়ডা গলফ কোর্সে শনিবার চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছেন তিনি। চার রাউন্ড মিলিয়েও পারের এক শট কম খেলেছেন তিনি।
প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম, দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট এবং শুক্রবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেন জামাল।
২৫ লাখ রুপি প্রাইজমানির এই প্রতিযোগিতায় বাংলাদেশের আরো দুই গলফার শাখাওয়াত হোসেন সোহেল ও রেজাউল করিমও অংশ নিয়েছেন।
পারের চেয়ে ১৪ শট বেশি খেলে যৌথভাবে ৪০তম হয়েছেন সোহেল। পারের চেয়ে ১৮ শট বেশি খেলে যৌথভাবে ৪৭তম হয়েছেন রেজাউল।
