স্কুল ফুটবল আয়োজনে বাফুফে-শিক্ষা মন্ত্রণালয় চুক্তি
জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৩ আয়োজনে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাফুফের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মত এই প্রতিযোগিতা শুরু হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।
শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশে আগের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে যাতে বিশ্বমানের প্রতিযোগিতায় তারা টিকে থাকতে পারে।
নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষতা ও জ্ঞানে প্রস্তুত করতে সেভাবে পাঠ্যসূচি তৈরি করা হয়েছে বলে তিনি জানান।
ফুটবলকে প্রণোদনা দিলে ক্রিকেটের মত সাফল্য পাওয়া যাবে শিক্ষাসচিব বলেন, শিশুরা ভাল খেলতে পারলে মাঠে দর্শক থাকবে।
দ্বিতীয়বারের মতো জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করায় বাফুফেকে ধন্যবাদ জানান শিক্ষাসচিব।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথমে প্রতি উপজেলায় ১০টি স্কুল নক-আউট পদ্ধতিতে খেলবে। সেখান থেকে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে।
জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলো সাতটি বিভাগের অধীনে জাতীয় স্কুল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে খেলবে।
প্রতি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এবং ঢাকা মহানগরী জোনের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল নিয়ে মোট ১৬টি দল চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি তাবিদ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১১ সালে প্রথমবার জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট হয়। এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইসলামী ব্যাংক। প্রতিযোগিতা আয়োজনের জন্য তারা দেবে ৪ কোটি টাকা।
