২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে হারিয়েও বিদায় নাপোলির

অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড জেতায় নকআউট পর্বে উঠতে আর্সেনালের বিপক্ষে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জয় দরকার ছিল নাপোলির। এই সমীকরণ মেলেনি। ২-০ গোলের জয়ের পরও তাই ভগ্ন হৃদয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 03:26 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

অন্যদিকে হারলেও পরবর্তী রাউন্ডে ওঠার আনন্দে হাসিমুখে মাঠ ছেড়েছে ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনাল।

জুভেন্টাসের পর ইতালির দ্বিতীয় দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লো দিয়েগো ম্যারাডোনার সাবেক দল নাপোলি।

গ্রুপের অপর ম্যাচে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ২-১ গোলে গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে গতবারের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড।

শেষ ম্যাচে বরুসিয়া ও নাপোলির জয়ে আর্সেনালসহ তিনটি দলেরই পয়েন্ট দাঁড়ায় ১২। কিন্তু মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে থেকে বাদ পড়ে ইতালির দলটি। এখন ইউরোপা লিগে খেলবে তারা।

ঘরের মাঠ স্তাদিও সান পাওলোয় শুরু থেকেই আক্রমণাত্মকরুপে খেলতে থাকে নাপোলি। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা আর মেলেনি।

বিরতির পর স্বাগতিকদের আক্রমণে দ্বিগুণ গতি পায়। প্রথম ৬০ মিনিটে নাপোলির মোট নয়টি আক্রমণের বিপরীতে আর্সেনাল করে মাত্র তিনটি। ইংল্যান্ডের দলটিকে একরকম দাবিয়েই রেখেছিল ইতালিয়ানরা।

অবশেষে ফল মেলে ৭৩ মিনিটে। স্পেনের ফরোয়ার্ড হোসে ক্যালেহনের পাস পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।

তিন মিনিট বাদেই স্পেনের মিডফিল্ডার মিকেল আর্তেতা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। প্রত্যাশা বাড়ে নাপোলির। কিন্তু একজন কম নিয়েও দারুণ প্রতিরোধ গড়ে তোলে আর্সেনাল।

সময় পেরিয়ে ম্যাচ গড়ায় ইনজুরি সময়ে। তিন মিনিট বাড়তি এই সময়ের ৩০ সেকেন্ড বাকি থাকতে দ্বিতীয় গোল করে আর্সেনালকে হতবাক করে দেন ক্যালেহন। নক আউট পর্ব থেকে আর মাত্র এক গোলের দুরত্বে দাঁড়িয়ে নাপোলি। শেষ মুহূর্তের নাটকীয়তায় কি অসম্ভবকে সম্ভব করে তুলবে স্বাগতিকরা?

তা অবশ্য হয়নি, খেলা পুনরায় শুরু হওয়া মাত্র ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি। আর অন্য ম্যাচটি অনেকক্ষণ সমতায় থাকার পর শেষ দিকে ডর্টমুন্ড গোল করে এগিয়ে যাওয়ায় হতাশায় মুষড়ে পড়েন নাপোলির খেলোয়াড়রা। কান্নায় ভেঙে পড়েন নাপোলির প্রথম গোলদাতা হিগুয়াইন।

বরুসিয়ার নাটকীয় জয়

অলিম্পিক মার্সেইয়ের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় জার্মানির বরুসিয়া। ডিফেন্ডার এরিক দার্মের পাস থেকে গোলটি করেন পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

১০ মিনিট বাদেই অবশ্য বরুসিয়াকে থমকে দিয়ে স্বাগতিক সমর্থকদের উল্লাসে মাতান সেনেগালের ডিফেন্ডার সুলেইমান দিয়ারা। হেড করে গোলটি করেন তিনি।

তবে ৩৪ মিনিটে ফরাসি স্ট্রাইকার দিমিত্রি পায়েত দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে নেমে আসে স্বাগতিকরা। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি অতিথি দল।

ফলে ১-১ সমতায় প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধেরও অনেকটা সময় পেরিয়ে যায়। মাঝে আবারো এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ পায় বরুসিয়া। কিন্তু ব্যর্থতার গণ্ডি থেকে তারা বেরোতে পারেনি। এর মধ্যে অন্য ম্যাচে নাপোলি আর্সেনালের বিপক্ষে এগিয়ে থাকায় জয় ছাড়া গতি ছিল না ডর্টমুন্ডের।

Image
কেভিন গ্রোসক্রয়েসের জয়সূচক গোলে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ওঠে বরুসিয়া ডর্টমুন্ড।

কেভিন গ্রোসক্রয়েসের জয়সূচক গোলে চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে ওঠে বরুসিয়া ডর্টমুন্ড।

Image
শেষ মুহূর্তের গোলে অলিম্পিক মার্সেইকে হারিয়ে নক-আউট পর্বে উঠে উচ্ছ্বাস বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের।

শেষ মুহূর্তের গোলে অলিম্পিক মার্সেইকে হারিয়ে নক-আউট পর্বে উঠে উচ্ছ্বাস বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের।

অবশেষে নির্ধারিত সময় শেষের তিন মিনিট বাকি থাকতে বরুসিয়াকে কাঙ্খিত গোল উপহার দেন মিডফিল্ডার কেভিন গ্রোসক্রয়েস। এই গোলেই নিশ্চিত হয় ডর্টমুন্ডের নক-আউট পর্বে ওঠা। সেই সঙ্গে কপাল পুড়ে অন্য ম্যাচে আর্সেনালকে হারানো নাপোলির।