২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের জয়ে রেকর্ড রোনালদোর

চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্যায়ের শেষ ম্যাচে এফসি কোপেনহেগেনকে সহজেই হারানোর পথে রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 12:31 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

মঙ্গলবার নিজেদের মাঠে ডেনমার্কের ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। এর মধ্যে একটি গোল করে গ্রুপ পর্যায়ে সর্বোচ্চ গোলের রেকর্ড করেছেন রোনালদো। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ খেলা এই পর্তুগিজ তারকার গোল মোট নয়টি। ম্যাচের অপর গোলটি ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের।

কোপেনহেগেনকে হারিয়ে অপরাজিত দল হিসেবেই গ্রুপ পর্ব শেষ করলো রেকর্ড নয়বার ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল।

তবে ইতালির জুভেন্টাস ও তুরস্কের গালাতাসারাইয়ের মধ্যে ‘বি’ গ্রুপের অপর ম্যাচটি তুষারপাতের কারণে পণ্ড হয়ে যাওয়ায় নকআউট পর্বে রিয়ালের সঙ্গী কে হবে, তা নির্ধারণ হয়নি। ম্যাচটি বুধবার রাতে আবার হবে।

প্রতিপক্ষের মাঠে প্রথম ২০ মিনিটে তেমন কোনো সুযোগই পায়নি রিয়াল মাদ্রিদ। বলার মতো সুযোগ পাইনি স্বাগতিক কোপেনহেগেনও। অবশেষে ২৪ মিনিটে ৩০ গজ দুর থেকে ফ্রি-কিক পেলেও নিশানা ঠিক রাখতে পারেননি রোনালদো। ২৩ নভেম্বরের পেশির চোটে মাঠের বাইরে যাওয়ার পর এই প্রথম খেললেন তিনি।

পরের মিনিটেই ইউরোপের সফলতম দলকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ডি বক্সের ঠিক বাইরে থেকে মিডফিল্ডার ইসকোর ছোট পাস থেকে অতর্কিত এক শটে স্বাগতিক গোলরক্ষককে পরাস্থ করেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রেকর্ড গড়েন রোনালদো। ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর ক্রসে ব্যাক হেড করেন পেপে। আর জাতীয় দলের সতীর্থের ঐ হেড থেকে বল পেয়ে লক্ষ্যভেদে কোনো ভুল হয়নি এ মৌসুমে একের পর এক গোল করে চলা রোনালদোর।

এরপর হ্যাটট্রিকও পেতে পারতেন রোনালদো। কিন্তু ৭৪ মিনিটে তার শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৯ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি এ বছর ফিফা বর্ষসেরা পুরস্কারের অন্যতম এই দাবিদার।