২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির হার, ম্যান সিটির ড্র

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শনিবারের দিনটা ভালো কাটেনি দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং চেলসিরও। ম্যান সিটি ড্র করলেও জোসে মরিনিয়োর চেলসিকে লিগে তৃতীয় হারের লজ্জায় পড়তে হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 01:18 AM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

আবার ওল্ড ট্র্যাফোর্ডে হারলো ম্যান ইউ

সাউথহ্যাম্পটনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে গতবারের রানার্স-আপ ম্যান সিটি। আরেক অতিথি চেলসি ৩-২ গোলে হেরে গেছে স্টোক সিটির কাছে।

তবে লিভারপুল বড় ব্যবধানে জিতেছে। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

স্টোক সিটির মাঠে দুই গোল করেও চেলসির পরাজয় ঠেকাতে পারেননি জার্মান ফরোয়ার্ড আন্দ্রে শুরলে। ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়া দীর্ঘদেহী স্ট্রাইকার পিটার ক্রাউচ, আইরিশ মিডফিল্ডার স্টিভেন আয়ারল্যান্ড ও শেষ মুহূর্তে মরক্কান মিডফিল্ডার উসামা আসাইদির লক্ষ্যভেদ নাটকীয় জয় এনে দেয় স্বাগতিক দলকে।

ছন্দে থাকা আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্হিও আগুয়েরো দশম মিনিটে এগিয়ে দিলেও জিততে পারেনি ম্যান সিটি। ৪২ মিনিটে আর্জেন্টাইন বংশোদ্ভূত ইতালিয়ান স্ট্রাইকার পাবলো অসভালদোর গোলে সমতা নিয়ে আসে সাউথহ্যাম্পটন। বাকি সময়ে আর গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।

গত বুধবার নরউইচ সিটির বিপক্ষে চার গোল করে লিভারপুলকে ৫-১ গোলের জয় এনে দিয়েছিলেন লুইস সুয়ারেস। শনিবার অবশ্য এক গোলের বেশি করতে পারেননি দশ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকে দারুণ ছন্দে থাকা এই উরুগুইয়ান স্ট্রাইকার।

‘অল রেড’ নামে পরিচিত লিভারপুলের দুটো গোলই এসেছে আত্মঘাতী থেকে। অন্য গোলটি ফরাসী ফরোয়ার্ড মামাদু সাকোর। ওয়েস্ট হ্যামের সান্ত্বনাসূচক গোলটিও ছিল আত্মঘাতী। ৮২ মিনিটে লাল কার্ড দেখে ওয়েস্ট হ্যামকে দশ জনের দলে পরিণত করেন অ্যাটাকিং মিডফিল্ডার কেভিন নোলান।

১৫টি করে ম্যাচ খেলে লিভারপুল ও চেলসির সমান ৩০ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় চেলসির অবস্থান তৃতীয়। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যান সিটি।

এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। রোববার আর্সেন ভেঙ্গারের দল স্বাগত জানাবে এভারটনকে।

শনিবার ইপিএলের অন্যান্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে সান্ডারল্যান্ডকে, ক্রিস্টাল প্যালেস ২-০ গোলে কার্ডিফ সিটিকে ও নরউইচ সিটি একই ব্যবধানে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়েছে।