টাইব্রেকারে জিতে ফাইনালে মুক্তিযোদ্ধা
কোয়ার্টার ফাইনালে গত মৌসুমের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্রকে টাইব্রেকারে হারালেও শেষ চারের লড়াইয়ে টাইব্রেকারের ‘লটারি’তেই পরাজিত বিজেএমসি। ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বিজেএমসিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
আগামী ১৩ ডিসেম্বর ফাইনালে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৯ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৭৬ মিনিটের সময় এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মিডফিল্ডার জাহেদ পারভেজের কর্নার থেকে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরীয় স্ট্রাইকার এলিটা কিংসলে।
১০ মিনিট পর এক বিতর্কিত সিদ্ধান্ত সমতার পথে নিয়ে যায় বিজেএমসিকে। মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের সঙ্গে ধাক্কা লেগে বক্সের ভেতরে পড়ে যান বিজেএমসির গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। সঙ্গে-সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি জালালউদ্দিন। পেনাল্টি থেকে সমতা নিয়ে আসেন বানগুরাই।
এই সিদ্ধান্তের প্রতিবাদে মুক্তিযোদ্ধার খেলোয়াড়রা ৫ মিনিট খেলা বন্ধ রাখেন।
তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ের হাসি মুক্তিযোদ্ধারই। তাদের পক্ষে পাঁচটি গোল করেন ফরোয়ার্ড এনামুল হোসেন, স্ট্রাইকার মোহাম্মদ বিপ্লব, মিডফিল্ডার চৌমরিন রাখাইন, নাইজেরীয় ফরোয়ার্ড এনকোচা কিংসলে ও তার স্বদেশী এলিটা কিংসলে।
অন্যদিকে টাইব্রেকারে বিজেএমসির পক্ষে নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু, ইসমাইল বানগুরা ও ক্যামেরুনের ডিফেন্ডার জিন জুলস ইকাঙ্গা সফল হলেও গোল করতে ব্যর্থ হন খান মোহাম্মদ তারা।
এ নিয়ে সপ্তমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠলো মুক্তিযোদ্ধা। ২০০৪-০৫ মৌসুমে সর্বশেষ এই টুর্নামেন্টের ফাইনালে খেলে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে গিয়েছিল তারা।
দীর্ঘ দিন পর ফাইনালে উঠতে পেরে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক দারুণ খুশি। খেলা শেষে তিনি বলেন, “নির্ধারিত সময়ে জিতেই আমরা ফাইনালে উঠতে পারতাম। কিন্তু রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আমাদের টাইব্রেকার পর্যন্ত খেলতে হয়েছে। তারপরও জিতেছি বলে আমি আনন্দিত। আমি বলবো সত্যের জয় হয়েছে।”
বিজেএমসির কোচ আলী আসগর নাসির বলেন, “ফেডারেশন কাপে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। অবশ্য আগের ম্যাচগুলোতে আমাদের দল যেমন খেলেছিল এই ম্যাচে তেমন খেলতে পারেনি। তাই জিততেও পারিনি আমরা।”
