২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের তোপে বিধ্বস্ত ইংল্যান্ড

অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং দুর্দশা কাটছেই না ইংল্যান্ডের। মিচেল জনসনের তোপে অ্যাডিলেড টেস্টে ১৭২ রানে অলআউট হয়ে গেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 04:15 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

অ্যাডিলেডের ‘নিয়ন্ত্রণ’ অস্ট্রেলিয়ার

৩৯৮ রানের লিড পেলেও ইংল্যান্ডকে ফলোঅন করায়নি পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া। শনিবার তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করা স্বাগতিকরা ৫৩০ রানে এগিয়ে আছে।

অ্যাডিলেড ওভালে ১ উইকেটে ৩৫ রান নিয়ে খেলা শুরু ইংল্যান্ড। জো রুট ও কেভিন পিটারসেনের দ্রুত বিদায়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে অতিথিরা।

মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে মাইকেল কারবেরিকে (৬০) বিদায় করে অতিথিদের ইনিংসের একমাত্র পঞ্চাশোর্ধ জুটি ভাঙ্গার কৃতিত্ব শেন ওয়াটসনের।

মধ্যাহ্ন-ভোজন থেকে ফিরে জনসনের মারাত্মক বোলিংয়ে দিশেহারা হয়ে পড়েন ইংলিশ ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের শেষ ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হয়, তাদের তিনজন তো রানের খাতাই খুলতে পারেননি।

৫১তম ওভারে বেন স্টোকস, ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে দেন জনসন। শেষ দুজনকে পরপর দুই বলে আউট করে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। এক ওভার পর আবার পরপর দুই বলে ফেরান গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসনকে।

এরপর ৭২ রানে অপরাজিত ইয়ান বেলকে সঙ্গ দেয়া মন্টি পানেসারকে বোল্ড করে সিরিজে টানা তৃতীয় বারের মতো দুইশ’র নিচেই থামিয়ে দেন অতিথিদের ইনিংস।

৪০ রানে ৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার জনসন। এ নিয়ে ৯ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার।

ইংল্যান্ডকে ফলোঅন না করানোর সিদ্ধান্ত ভুল বলেই মনে হচ্ছিলন অ্যান্ডারসনের মারাত্মক বোলিংয়ে। তৃতীয় ওভারে তিন বলের মধ্যে ক্রিস রজার্স (২) ও ওয়াটসনকে (০) বিদায় করেন তিনি।

তবে ক্লার্কের (২২) সঙ্গে ৬১ ও স্টিভেন স্মিথের (অপরাজিত ২৩) সঙ্গে ৫৭ রানের দুটি জুটি গড়ে পরিসস্থিতি সামাল দিয়েছেন ডেভিড ওয়ার্নার। দিনশেষে ৮৩ রানে অপরাজিত ওয়ার্নারের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫৭০/৯ ইনিংস ঘোষণা (১৪৮, স্মিথ ৬, হ্যাডিন ১১৮, রজার্স ৭২; ব্র্রড ৩/৯৮, স্টোকস ২/৭০, সোয়ান ২/১৫১) ও ১৩২/৩ (রজার্স ২, ওয়ার্নার ৮৩*, ওয়াটসন ০, ক্লার্ক ২২, স্মিথ ২৩*; অ্যান্ডারসন ২/১৯, পানেসার ১/৪১)

ইংল্যান্ড: ১৭২ (কুক ৩, কারবেরি ৬০, রুট ১৫, পিটারসেন ৪, বেল ৭২*, স্টোকস ১, প্রায়র ০, ব্রড ০, সোয়ান ৭, অ্যান্ডাসন ০, পানেসার ২; জনসন ৭/৪০ ওয়াটসন ১/০, সিডল ১/৩৪, লিয়ন ১/৬৪)