২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ শুরুর পর বন্ধুর পথ ব্রাজিলের

নিজ হাত দিয়ে ব্রাজিলের গ্রুপ 'এ' তে শক্তিশালী দলের নাম আসতে পারে শঙ্কায় ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ড্রতে অংশ নেননি পেলে। ড্র শেষে হয়তো স্বস্তিই পেয়েছেন এই ফুটবল কিংবদন্তি। বিশ্বকাপের আয়োজকরা ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুনের মতো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 03:45 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

বিশ্বকাপের চমক জাগানো ড্র

ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এসেছে প্লে-অফ পেরিয়ে। গ্রুপ সঙ্গী মেক্সিকো এসেছে একই পথে। গ্রুপ পর্বের চেয়ে দ্বিতীয় রাউন্ড নিয়ে হয়তো বেশি ভাবতে হবে ফেলিপে লুই স্কলারিকে। নক-আউট পর্বেই আসতে পারে স্পেন অথবা নেদারল্যান্ডসের বাধা।

মনে যাই থাক, আপাতত প্রথম রাউন্ড নিয়ে ভাবছেন জানিয়ে স্কলারি বলেন, “এই গ্রুপ আমাদের জন্য একটি সতর্কবার্তা। দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবার আগে আমাকে মেক্সিকো, ক্যামেরুন ও ক্রোয়েশিয়াকে নিয়ে ভাবতে হবে।”

"ক্রোয়েশিয়া ভালো দল। আর গত দুই দশকে মেক্সিকো আমাদের সঙ্গে কয়েকটি দারুণ ম্যাচ খেলেছে। ক্যামরুনের বিপক্ষেও আমাদের সব সময় লড়তে হয়েছে", যোগ করেন ব্রাজিলের ষষ্ঠ শিরোপার স্বপ্নে বিভোর এই বর্ষীয়ান কোচ।

১৯৮২ বিশ্বকাপ থেকেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে কখনো দুই ম্যাচের বেশি অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। সেই ধারাবাহিকতা বজায় না থাকার কোনো কারণ দেখেননি বিশ্লেষকরা।

২০০৬ সালেও ব্রাজিল-ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল নিজেদের প্রথম ম্যাচে। সেই ম্যাচে খেলেছিলেন ক্রোয়েশিয়ার বর্তমান কোচ নিকো কোভাচ। একমাত্র গোলে হারা ঐ ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজছেন তিনি।

গত কয়েক বছরে ব্রাজিলের বিপক্ষে পাওয়া সাফল্যগুলোই অনুপ্রেরণা মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরার। তিন প্রতিপক্ষকে কঠিন লড়াই উপহার দেয়ার প্রতিশ্রুতি তার।

ব্রাজিলকে নিয়ে খুব একটা ভাবছেন না ক্যামেরুনের কোচ ভলকার ফিনকে। দ্বিতীয় রাউন্ডে যেতে মূল দুই বাধা ক্রোয়েশিয়া ও মেক্সিকো ম্যাচ নিয়েই বেশি ব্যস্ত তিনি। দ্বিতীয় দল হিসেবে নক আউট পর্বে যেতে এই তিন দলের মধ্যে তীব্র লড়াই হবে বলেই মনে করেন তিনি।

মুখোমুখি লড়াই

তিন দলের বিপক্ষেই আগে বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। ২০০৬ সালের বিশ্বকাপ ক্রোয়েশিয়ার বিপক্ষে কাকার একমাত্র গোলে জয় দিয়ে শুরু করেছিল ব্রাজিল।

স্বাগতিকদের সুখস্মৃতি আছে ক্যামেরুনের বিপক্ষেও। ১৯৯৪ সালের বিশ্বকাপে চতুর্থ বিশ্বকাপ জয়ের পথে রোমারিও, বেবেতো ও সান্তোসের গোলে ক্যামেরুনকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

মেক্সিকোর বিপক্ষে ৩৮ বার খেলেছে ব্রাজিল। তাদের বিপক্ষে ১৯৫০, ১৯৫৪ ও ১৯৬২ সালের তিন বিশ্বকাপে সহজ জয় পাওয়া ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। ১৯৯৯ কনফেডারেশন্স কাপ, ২০১২ সালের অলিম্পিক ফুটবল, ১৯৯৬ ও ২০০৩ সালের কনকাকাফ গোল্ডকাপ- চারটি ফাইনালেই মেক্সিকোর কাছে হার মেনেছে ব্রাজিল।

দুই দশক আগে ক্যামেরুন ও মেক্সিকোর মধ্যকার একমাত্র প্রীতি ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০০২ সালের বিশ্বকাপে জয়ের স্মৃতি আছে মেক্সিকোর।
আর এবারই প্রথমবারের মতো মুখোমুখি হবে ক্যামেরুন ও ক্রোয়েশিয়া।