কঠিন গ্রুপে জার্মানি পর্তুগাল
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে দুর্দমনীয় রোনালদোর পর্তুগালের লড়াই। সঙ্গে কনকাকাফ অঞ্চল থেকে আসা সেরা দল যুক্তরাষ্ট্র আর আফ্রিকার ঘানা। ব্রাজিল বিশ্বকাপের 'জি' গ্রুপটাকে অন্যতম কঠিন গ্রুপ হিসেবে মানতেই হচ্ছে।
বাছাইপর্বে কোনো ম্যাচ না হেরেই ব্রাজিল যাত্রা নিশ্চিত করে জার্মানি। ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে সর্বোচ্চ ৩৬ গোল করা দলটিই গ্রুপ শ্রেষ্ঠত্বের দাবিদার।
বাছাই পর্বে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে ‘প্লে-অফ’ খেলতে বাধ্য হওয়া পর্তুগাল যেন সঠিক সময়েই জ্বলে উঠেছে। সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা পর্তুগাল আবারো তাকিয়ে থাকবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে।
জার্মানির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান এখন যুক্তরাষ্ট্রের কোচ। তখন তার সহকারী ইউয়াখিম লো এখন জার্মানির দায়িত্বে আছেন। বিবিসি স্পোর্টকে তিনি বলেন, “এটা বিশেষ কিছু-আমরা এক সঙ্গে দুই বছর কাজ করেছি।”
জার্মানির উপস্থিতি গ্রুপটাকে অনেক বেশি কঠিন করে তুলেছে বলে মনে করেন পর্তুগালের কোচ পাওলো বেনতো।
“জার্মানি টুর্নামেন্টেরই অন্যতম ফেভারিট। যুক্তরাষ্ট্র ও ঘানাও ভালো দল, ইউরোপের সেরা দলগুলোতে তাদের খেলোয়াড় রয়েছে।”
বেনতো পরিস্কার জানিয়ে দিয়েছেন, আপাতত তার লক্ষ্য শেষ ষোল। এবং এর জন্য লড়বে ‘টাফ’ ফুটবলের জন্য পরিচিত পর্তুগাল।
“আমরা একবারে একটির বেশি ম্যাচ নিয়ে ভাববো না। নকআউট পর্বে যাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ২০১০ সালের চেয়েও এই দলটি শক্তিশালী। আমার মনে হয় ২০১৪ সালে বেশ কয়েকটি চমক অপেক্ষা করছে। আমার মনে হয় আমরা ‘গ্রুপ অব ডেথ’ এ পড়েছি।”
১৯৯০ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা ক্লিন্সমান জানেন জার্মানির নাড়ি-নক্ষত্র। মজা করেই তিনি বলেন, “স্কাউট করার জন্য জার্মানিতে আমার কোনো দল পাঠাতে হবে না। ওদের বিপক্ষে আমরা সেরা খেলা উপহার দিতে চাই।”
মুখোমুখি লড়াই
ইউরোপের দুই প্রতিদ্বন্দ্বী পর্তুগাল ও জার্মানি বিশ্বকাপে পাঁচ বারসহ এ পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। ২০০৬ সালে পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় হয়েছিল স্বাগতিক জার্মানি।
২০১০ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ঘানা। দুই ভাই কেভিন-প্রিন্স ও জেরোম বোয়েটেং খেলেছিলেন দুই দলে। বিশ্বকাপে পরিবারের সদস্যের মুখোমুখি হওয়ার সেটাই প্রথম নজির। আবারও একই গ্রুপে পড়লো দুই ভাই।
২০০২ সালের বিশ্বকাপে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেয় যুক্তরাষ্ট্র। সেবারই কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপে শেষ দুই দেখায় যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ঘানা। ২০০৬ সালে গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে এবং ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডে ১-০ গোলে জেতে আফ্রিকার দলটি।
পর্তুগাল ও ঘানা এর আগে কখনোই একে অপরের বিপক্ষে খেলেনি।
