২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালাদো অবিশ্বাস্য ফুটবলার: জিদান

ফ্রান্সের ফুটবল-কিংবদন্তি জিনেদিন জিদান মনে করেন, ২০১৩ সালে দেশ ও ক্লাবের হয়ে একের পর এক গোল করে চলা ক্রিস্টিয়ানো রোনালদো একজন ‘অবিশ্বাস্য’ ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

এ বছর জাতীয় দল পর্তুগালের হয়ে ১০টি গোল করেছেন রোনালদো। ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পারফরম্যান্স আরো দুর্দান্ত। রিয়ালের হয়ে শুধু এ মৌসুমেই ২৫টি গোল করেছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগে রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকের সুবাদে সুইডেনকে হারিয়ে ব্রাজিল-যাত্রা নিশ্চিত করেছে পর্তুগাল।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিদান তো রোনালদোর প্রতিভায় মুগ্ধ। তিনি বলেন, “পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের হয়ে কী করতে পারে, তা দেখিয়েই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। তার সম্পর্কে বেশি কথা বলার প্রয়োজন নেই।”

“তাকে নিয়ে অনেক কথা বলা হয়। মাঠে সে যা করে তা এক কথায় অবিশ্বাস্য। সুইডেনের বিপক্ষে সে বলতে গেলে একাই দলকে জিতিয়েছে। অনেকেই ভেবেছিল পর্তুগাল বিশ্বকাপে খেলতে পারবে না। কিন্তু সে একাই দলকে টেনে তুলেছে।”

বর্তমানে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করায় ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন জিদান।

রোনালদোর পেশাদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জিদান বলেন, “মাদ্রিদে তার পাশে থাকতে পেরে, তার অনুশীলন দেখে এবং তার সঙ্গে সব কিছুতে অংশ নিতে পেরে আমি গর্বিত।”

“সে দারুণ পেশাদার, এক ঘণ্টা আগে অনুশীলনে এসে উপস্থিত হয়। মাঠে সে যা করে তা তার কঠোর পরিশ্রমের ফসল।”