২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের সাফল্য

অস্ট্রেলিয়ার নিউক্যাসলে অনুষ্ঠানরত স্পেশাল অলিম্পিকের এশিয়া প্যাসিফিক গেমসে বাংলাদেশের সাফল্য অব্যাহত রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 09:00 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার ৯টি সোনা জিতেছেন বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। প্রতিযোগিতায় এখন বাংলাদেশের সোনার সংখ্যা ১৬টি।

অ্যাথলেটিক্সে পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ২৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সাগর আহমেদ। একই ইভেন্টের অন্য বিভাগে সোনা জয়ের পথে ২৭.৬২ সেকেন্ড সময় নিয়েছেন হুমায়ুন কবীর।

মহিলাদের ১০০ মিটারে স্প্রিন্টে সোনাজয়ী চৈতি আক্তারের টাইমিং ১৭.৫৮ সেকেন্ড।

ব্যাডমিন্টনের মহিলা দ্বৈতে শিরোপা জিতে বাংলাদেশকে দুটি সোনা উপহার দিয়েছেন মুন্নী আক্তার ও রাবেয়া খাতুন।

সাঁতার ও বোচ্চে থেকে এসেছে চারটি সোনা। সাঁতারে ৫০ মিটার ফ্রি-স্টাইলে পারুল আক্তার এবং ২০০ মিটার ফ্রি-স্টাইলে রহিমা খাতুন সোনা জিতেছেন। কয়েকটি বলকে লক্ষ্য করে একটি বল গড়িয়ে খেলা বোচ্চের দ্বৈতে শিরোপা জিতে দুটি সোনা পেয়েছেন জাকিয়া সুলতানা ও সাদিয়া উর্মি।

এছাড়া ব্যাডমিন্টনের পুরুষ দ্বৈতে মিজানুর রহমান ও আশিকুল ইসলাম রাসেল জুটি রুপা এবং সাঁতারে পুরুষদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ পেয়েছেন মোহাম্মদ মাসুদ।