২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনে স্বাগতিকদের ব্যর্থতা

বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে স্বাগতিক দলের খেলোয়াড়দের বুধবারের দিনটা তেমন ভালো কাটেনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

পুরুষ এককে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রইচ উদ্দিন। বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভারতের শুভঙ্কর দেবের কাছে ২১-৬, ২১-১৫ পয়েন্টে হেরে গেছেন তিনি।

মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে মালয়েশিয়ার জিন ইয়েকে হারালেও ভারতীয় প্রতিপক্ষের সঙ্গে তেমন লড়াই করতে পারেননি রইচ। খেলা শেষে হতাশ কণ্ঠে তিনি বলেন, “প্রথম গেম হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর আশা করেছিলাম। দ্বিতীয় গেমে ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত আর পারিনি। আসলে আমার প্রতিপক্ষ খুবই ভালো খেলেছে।”

এদিকে মিশ্র দ্বৈতে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের চার খেলোয়াড়। জাভেদ মোস্তফা ও শাপলা আক্তার জুটি ওয়াকওভার পেয়েছেন নেপালের সজন কৃষ্ণ ও সাবিনা জুটির বিপক্ষে। নেপালেরই রত্নজিৎ তামাং ও সারা দেবী জুটি ওয়াকওভার দিয়েছেন আহসান হাবিব পরশ ও নাবিলা আক্তার জুটিকে।

এই ইভেন্টে বাংলাদেশের লালচাঁদ ও রত্না পারভীন জুটি এবং জামাল আহমেদ ও বৃষ্টি খাতুন জুটি হেরে গেছেন।

মহিলা এককে প্রথম রাউন্ডে শাপলা আক্তার ভারতের সারা আরতীর কাছে হেরে গেছেন।

এছাড়া পুরুষ দ্বৈতে বাংলাদেশের মোয়াজ্জেম হোসেন ও মোহাম্মদ মিনহাজ জুটি, এনামুল হক ও আহসান হাবিব পরশ জুটি এবং জামাল আহমেদ ও জাভেদ মোস্তফা জুটি প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন।