২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ-টটেনহ্যাম লড়াই অমীমাংসিত

বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং গত মৌসুমে পঞ্চম হওয়া টটেনহ্যাম হটস্পারের জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল ফুটবল-ভক্তদের। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দু দলের লড়াই তাদের মন ভরিয়ে দেয়ার কথা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 09:38 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেনে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ম্যান ইউ। ইপিএলে ১৩ এবং ইংলিশ লিগে সব মিলিয়ে ২০ বারের চ্যাম্পিয়নদের দুটো গোলই তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির।

১৩টি করে ম্যাচ খেলা ম্যান ইউর ২২ ও টটেনহ্যামের ২১ পয়েন্ট। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্সেনাল।

গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়া টটেনহ্যাম ১৮ মিনিটে এগিয়ে যায়। দারুণ বুদ্ধিদীপ্ত এক ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার কাইল ওয়াকার। মানব-দেয়ালের নিচ দিয়ে গড়ানো শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

Image
ফ্রি-কিক থেকে গোল করে ওয়াকারের উচ্ছ্বাস।

ফ্রি-কিক থেকে গোল করে ওয়াকারের উচ্ছ্বাস।

Image
গোল করে ম্যান ইউকে সমতায় ফেরাচ্ছেন ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

গোল করে ম্যান ইউকে সমতায় ফেরাচ্ছেন ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

এগিয়ে যাওয়ার পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠা স্বাগতিক দল ২৮ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করে। পাল্টা আক্রমণ থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনিয়োর পাস খুঁজে পেয়েছিল রবের্তো সলদাদোকে। কিন্তু সামনে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই স্প্যানিশ স্ট্রাইকার। এর তিন মিনিট পরই সমতা ফেরায় ম্যান ইউ। তবে গোলটিতে রুনির চেয়েও বেশি ‘অবদান’ টটেনহ্যামের রক্ষণভাগের ভুলের। ডান দিক থেকে নেয়া ম্যান ইউ ডিফেন্ডার ফিল জোনসের একটি ক্রস ওয়াকারের পায়ে লেগে চলে যায় বক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে থাকা রুনির কাছে। বল জালে জড়াতে ভুল হয়নি তার।
Image
টটেনহ্যামের দ্বিতীয় গোল সান্দ্রো রানিয়েরির।

টটেনহ্যামের দ্বিতীয় গোল সান্দ্রো রানিয়েরির।

Image
পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোল।

পেনাল্টি থেকে ওয়েইন রুনির গোল।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। প্রায় ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার সান্দ্রো রানিয়েরি। কিন্তু আরো একবার এগিয়ে থাকার আনন্দ তিন মিনিটের বেশি উপভোগ করতে পারেনি স্বাগতিক দল। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান ইউকে দ্বিতীয় বারের মতো সমতায় ফেরান রুনি।