২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি মিলানের স্বস্তির জয়

ইতালিয়ান সেরি-আয় পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে এসি মিলান। রোববার কাতানিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইতালির অন্যতম জনপ্রিয় ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

আগের পাঁচ ম্যাচের দুটিতে হেরে যাওয়া ও তিনটিতে ড্র করা মিলানের ১৪ ম্যাচ থেকে সংগ্রহ ১৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

শেষ পর্যন্ত সুস্পষ্ট ব্যবধানে জিতলেও ত্রয়োদশ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস কাস্ত্রোর গোলে পিছিয়ে পড়ে মিলান।

তবে ছয় মিনিট পরই দারুণ এক ভলিতে সেরি-আর ১৮ বারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান মিডফিল্ডার রিক্কার্দো মন্তোলিভো।

৬৩ মিনিটে স্ট্রাইকার মারিও বালোতেল্লির দারুণ এক ফ্রি-কিক প্রথম বারের মতো এগিয়ে দেয় মিলানকে। তার পরের মিনিটেই গ্রিক মিডফিল্ডার পানায়িওতিস তাশসিদিস সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কাতানিয়া।

৮১ মিনিটে মন্তোলিভোর পাস থেকে গোল করে মিলানের স্বস্তির জয় নিশ্চিত করেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড কাকা।