ফ্যালকাওকে ছাড়াই মোনাকোর জয়
ফরাসি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বড় বাজেটের দল মোনাকো। শনিবার রাতে স্তাদে রেনেকে ২-০ গোলে হারিয়েছে তারা।
উরুতে চোট পাওয়ায় মোনাকো দলে ছিলেন না কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। তবে ৯ গোল করে পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচের সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফ্যালকাওকে ছাড়া মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করতে অবশ্য কোনো সমস্যা হয়নি দলটির।
ঘরের মাঠে মোনাকোর দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৯ মিনিটে ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন আরেক কলম্বিয়ার ফরোয়ার্ড জেমস রদ্রিগেস। মৌসুমের শুরুতে পোর্তো থেকে আসা রদ্রিগেসের ফরাসি লিগে এটাই প্রথম গোল।
৪৪ মিনিটে ব্যবধান বাড়ান ১৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার অন্তোনি মার্শাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে মোনাকো।
১৫ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মোনাকো। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানের দল লিলের পয়েন্ট ৩৩। আর এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে পিএসজি।
