আরো এক ম্যাচ বিশ্রামে রোনালদো
পায়ের পেশির চোটের কারণে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের মাঝপথে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষেও পর্তুগিজ ফরোয়ার্ডকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, “রোনালদো এখন সম্পূর্ণ সুস্থ। (শুক্রবার) সে অনুশীলনেও অংশ নিয়েছে। কিন্তু তাকে স্বচ্ছন্দ মনে হয়নি। তাই আমরা তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
“ভায়াদোলিদের বিপক্ষে তার জায়গায় আনহেল দি মারিয়া খেলবে।”
সর্বশেষ ৭ ম্যাচে দেশ ও ক্লাবের হয়ে ১৪ গোল করা রোনালদোর অনুপস্থিতিতে পয়েন্ট নষ্ট করলে শিরোপা-দৌড় থেকে আরো পিছিয়ে পড়বে রিয়াল। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে স্পেনের সফলতম ক্লাবটি। শীর্ষে থাকা বার্সেলোনা ৬ এবং দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ৩ পয়েন্ট এগিয়ে আছে রিয়ালের চেয়ে।
যদিও গালাতাসারাইয়ের বিপক্ষে রোনালদোর অভাব দলকে বুঝতেই দেননি দি মারিয়া, গ্যারেথ বেলরা। সেদিন রিয়াল সহজেই ৪-১ গোলে জিতেছিল। শনিবার ঘরের মাঠে প্রিয় দলের কাছে তেমন পারফরম্যান্সই প্রত্যাশা রিয়াল-সমর্থকদের।
