২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির দারুণ জয়

দুই বার সমতা ফিরিয়েও ম্যানচেস্টার সিটির জয় ঠেকাতে পারেনি ভিক্টোরিয়া প্লজেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপের খেলায় ৪-২ গোলের অসাধারণ এক জয় পেয়েছে ইপিএলের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 08:55 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পুরনো খবর:

বায়ার্নের অনন্য কীর্তি

গ্রুপের অপর খেলায় সিএসকেএ মস্কোকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে শিরোপাধারী বায়ার্ন মিউনিখ।

বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটি দুই ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করায় বুধবার রাতে ‘ডি’ গ্রুপের খেলা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না। প্রথম লেগে নিজেদের মাঠে ম্যান সিটির কাছে ৩-০ গোলে হারা প্লজেনের কাছ থেকে ইতিহাদ স্টেডিয়ামে খুব একটা প্রতিরোধও কেউ আশা করেনি।

গত রোববারই টটেনহ্যাম হটস্পারকে (৬-০) উড়িয়ে দেয়া ম্যান সিটি বুধবার প্রথম ২৪ মিনিটে অন্তত চারটি সহজ সুযোগ হাতছাড়া করে। অষ্টম মিনিটে এদিন জেকো, ১৪ ও ১৭ মিনিটে সামির নাসরি এবং ২৪ মিনিটে স্যার্হিও আগুয়েরো দলকে হতাশ করেন। নাসরির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় বারে লেগে।

Image
পেনাল্টি থেকে আগুয়েরোর গোল।

পেনাল্টি থেকে আগুয়েরোর গোল।

Image
সমতা আনেন ভিক্টোরিয়া প্লজেনের টমাস হোরাভা।

সমতা আনেন ভিক্টোরিয়া প্লজেনের টমাস হোরাভা।

ম্যাচের ২৭ ও ৩১ মিনিটে অতিথিদের দুটি সুবর্ণ সুযোগ অল্পের জন্য হাতছাড়া হলে বেঁচে যায় ম্যান সিটি। ৩১ মিনিটে অ্যাগুয়েরোর ক্রস ফ্রান্তিসেক রাইতোরালের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। আর্জেন্টিনার এই তারকার সফল পেনাল্টি এগিয়ে নেয় স্বাগতিকদের।

৪৩ মিনিটে টমাস হোরাভা জোরালো শটে সমতা আনেন।

Image
সামির নাসরি আবার এগিয়ে নেন সিটিকে।

সামির নাসরি আবার এগিয়ে নেন সিটিকে।

Image
প্লজেনকে আবার সমতায় ফেরান স্তানিস্লাভ।

প্লজেনকে আবার সমতায় ফেরান স্তানিস্লাভ।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি সুযোগ নষ্ট করার পর ৬৫ মিনিটে নাসরি আবার এগিয়ে নেন ম্যান সিটিকে। আগুয়েরোর বদলি হিসেবে নামা হেসুস নাভাসের ক্রস থেকে বল জালে জড়াতে ভুল হয়নি ফরাসি তারকার।

সমতা ফেরাতে দুই মিনিটের বেশি সময় নেয়নি প্লজেন। ম্যান সিটি গোলরক্ষক জো হার্টকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান স্তানিস্লাভ।

Image
ম্যান সিটিকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন নেগ্রেদো।

ম্যান সিটিকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন নেগ্রেদো।

Image
দারুণ এক হেডে সিটির সহজ জয় নিশ্চিত করেন জেকো।

দারুণ এক হেডে সিটির সহজ জয় নিশ্চিত করেন জেকো।

ম্যাচের ৭৮ মিনিটে নাভাসের নিচু ক্রস থেকে খুব সহজেই গোল করে ম্যান সিটিকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন বদলি হিসেবে নামা আলভারো নেগ্রেদো। এবার আর গোল পরিশোধ করা হয়নি অতিথিদের। বরং ৮৯ মিনিটে জেমস মিলনারের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে এদিন জেকো স্বাগতিকদের সহজ জয় নিশ্চিত করেন।

৫ খেলায় সবগুলো জয়ে বায়ার্নের পয়েন্ট ১৫, সমান খেলায় ম্যান সিটির পয়েন্ট ১২। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের ৩ গোলের ব্যবধানে হারাতে হবে মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের।

৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিএসকেএ মস্কো। পাঁচ ম্যাচেই হারা প্লজেনের পয়েন্ট শূন্য।