২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিতের সঙ্গে আতলেতিকোর ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয়ের আনন্দে মেতে উঠতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে রাশিয়ার জেনিত সেইন্ট পিটার্সবার্গের মাঠ থেকে তারা ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 01:33 AM

Updated : 25 Apr 2022, 07:35 PM

তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা দলটির। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে তারা।

‘জি’ গ্রুপে পাঁচ ম্যাচ থেকে আতলেতিকোর সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জেনিত।

জেনিতের মাঠ পেত্রভস্কি স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেজের গোলে এগিয়ে যায় আতলেতিকো।

৭৪ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার টোবি অল্ডারভেয়াল্ডের আত্মঘাতী গোলে সমতা নিয়ে আসে স্বাগতিক দল।

এরপর অনেক চেষ্টা করলেও জেনিতের রক্ষণদুর্গে ফাটল ধরাতে পারেনি ২০০৯-১০ ও ২০১১-১২ মৌসুমের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতলেতিকো।

গ্রুপের অন্য দুই দল পর্তুগালের পোর্তো ও অস্ট্রিয়া ভিয়েনার ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। নক আউট পর্বের যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে চাইলে ৫ পয়েন্ট পাওয়া পোর্তোর শেষ ম্যাচে আতলেতিকোর সঙ্গে জিততেই হবে।