ব্রাজিলের জার্সিতে আরেকটি তারকা চান স্কলারি
ঘরের মাঠে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর পুরো ব্রাজিল। ব্রাজিলের নতুন জার্সি উন্মোচনের সময় সেটা বুঝিয়েও দিলেন কোচ লুই ফেলিপে স্কলারি। পাঁচটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের পাঁচ তারকা খচিত নতুন জার্সিতে ষষ্ঠ তারকাটি দেখতে চান তিনি।
ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি ব্রাজিলের নতুন এই জার্সিটি তৈরি করেছে। জার্সিতে ব্রাজিলের ফুটবল সংস্থার লোগোর উপরের পাঁচটি তারকা তাদের পাঁচবার বিশ্বকাপ জেতার কথাই মনে করিয়ে দেয়।
ব্রাজিলের নতুন জার্সি।
“জার্সিটি দারুণ দেখাচ্ছে। এখানে শুধু একটা জিনিসই নেই, তা হলো ছয় নম্বর তারকা। বিশ্বকাপের পর সেটা যোগ করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”
রোববার রিও ডি জেনিরোর দক্ষিণাঞ্চল কোপাকাবানায় নতুন এই জার্সি পরে দেখান মিডফিল্ডার লুইস গুস্তাভো।
নাইকির আন্তর্জাতিক জার্সিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় ব্রাজিলের জার্সি। দেশটির বড় তারকা নেইমারের পৃষ্ঠপোষকও নাইকি।
২০১৪ সালের ১২ জুন শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ১৩ জুলাইয়ের ফাইনাল দিয়ে। ৩২ দলের অংশগ্রহণে ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের স্বাগতিক হওয়ায় বাছাইপর্ব খেলতে হয়নি ব্রাজিলকে।
